চাঁদপুরে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩০৯ শিক্ষার্থী

এস এম সোহেল
চাঁদপুরে এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন ৩শ’ ৯ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অনুপস্থিত ছিল। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ছিলো পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়) ১ম পত্র, কুরআন মাজিদ, পদার্থ বিজ্ঞান-২ (সৃজনশীল) ও হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ-২ পরীক্ষা। এ পরীক্ষায় ৮ হাজার ৯শ’ ৮২ জন পরীক্ষার্থীর মধ্যে ৮ হাজার ৬শ’ ৭৩ জন পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষায় ৩শ’ ৯ জন অনুপস্থিত ছিল।
চাঁদপুর জেলা প্রশাসকের শিক্ষা শাখার সূত্রে জানা যায়, সারাদেশের মতো চাঁদপুরেও এইচএসসি, আলিম, বিএম ও ভোকেশনালে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষায় ৪ হাজার ৩শ’ ৯২জন পরীক্ষার মাঝে ৭১ জন পরীক্ষার্থী পরীক্ষা থেকে বিরত থাকে। আলিমের ৩ হাজার ২শ’ ৩৫ জন পরীক্ষার মাঝে ২শ’ ৩ জন পরীক্ষার্থী পরীক্ষা থেকে বিরত থাকে। এইচএসসি বিএম’র ১ হাজার ২শ’ ৯৪ জন পরীক্ষার মাঝে ৩৪ জন পরীক্ষার্থী পরীক্ষা থেকে বিরত থাকে। এইচএসসি ভোকেশনালে ৬১ জন পরীক্ষার মাঝে ১ জন পরীক্ষার্থী পরীক্ষা থেকে বিরত থাকে। তবে জেলায় কোন বহিষ্কার হওয়ার খবর পাওয়া যায়নি।
চাঁদপুরে এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন শহরের বাবুরহাট স্কুল এন্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। এসময় উপস্থিত ছিলেন বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসেনসহ শিক্ষকবৃন্দ।
উল্লেখ্য, করোনা মহামারির কারণে এবছর সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি ও সমমানের নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবার পরীক্ষার্থীদের তিনটি নৈর্বাচনিক বিষয়ে ছয়টি পরীক্ষা নেওয়া হবে। বিজ্ঞান বিভাগে এমসিকিউ ২৫টির মধ্যে ১২টির উত্তর দিতে হবে, সময় ১৫ মিনিট। তত্ত্বীয় পরীক্ষায় ৮টি প্রশ্নের মধ্যে ২টির উত্তর দিতে হবে, সময় ১ ঘণ্টা ১৫ মিনিট। পরীক্ষার মোট সময় ১ ঘণ্টা ৩০ মিনিট। মানবিক ও ব্যবসায় শাখার পরীক্ষার্থীদের এমসিকিউ ৩০টির মধ্যে ১৫টি উত্তর দিতে হবে, এ জন্য সময় নির্ধারণ করা হয়েছে ১৫ মিনিট। তত্ত্বীয় ১১টির মধ্যে তিনটির উত্তর দিতে হবে। এরমধ্যে দুটি বড় প্রশ্ন। আগে লিখিত প্রশ্নের উত্তর দিতে হবে। পরীক্ষার মোট সময় ১ ঘণ্টা ৩০ মিনিট। এ সময়ে ৫০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে।

০৩ ডিসেম্বর, ২০২১।