স্টাফ রিপোর্টার
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরো ৩ জনের মৃত্যু হয়েছে। গত শনিবার দুপুর ১টা, বিকেল সাড়ে ৩টা ও বিকেল সাড়ে ৫টায় এসব মৃত্যুর ঘটনা ঘটে। মৃত তিনজনই করোনায় আক্রান্ত ছিলেন। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে হলো ১১৪জন।
সদর হাসপাতাল সূত্রে জানা যায়, চাঁদপুর শহরের বিষ্ণুদী এলাকার ফিরোজা বেগম (৭৫) গত ১৯ এপ্রিল সকালে গুরুতর অসুস্থ অবস্থায় সদর হাসপাতালে ভর্তি হন। শনিবার (২৪ এপ্রিল) দুপুর ১টার দিকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি করোনায় আক্রান্ত ছিলেন। একই দিন বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর সদর উপজেলার ইচলী এলাকার আরশাদ বেপারী (৭৮) করোনায় আক্রান্ত অবস্থায় সদর হাসপাতালে মারা যান। তিনি শুক্রবার বিকেলে সদর হাসপাতালে ভর্তি হন।
অন্যদিকে শনিবার বিকেল সাড়ে ৫টায় দীপক (৩৩) নামের এক যুবকের মৃত্যু হয়। তার বাড়ি চাঁদপুর সদরের সকদি রামপুর এলাকায়। একই দিন দুপুর সাড়ে ১১টায় করোনার উপসর্গ নিয়ে তিনি সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। মৃত্যুর পর তার নমুুনা সংগ্রহ করা হয়। রাতে রিপোর্ট আসে করোনা পজেটিভ।
সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ও করোনা বিষয়ক ফোকালপার্সন ডা. সুজাউদ্দৌলা রুবেল এসব তথ্য নিশ্চিত করেন।
এদিকে চাঁদপুরে শনিবার আরো ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ২৯ জন, শাহরাস্তির ১ জন, হাজীগঞ্জের ৯ জন, ফরিদগঞ্জের ৩ জন, কচুয়ার ২ জন ও হাইমচরের ১ জন।
একই দিনে ৫২ জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ২৫ জন, হাইমচরের ১ জন, কচুয়ার ২ জন, ফরিদগঞ্জের ৬ জন, হাজীগঞ্জের ১২ জন, শাহরাস্তির ৪ জন ও মতলব দক্ষিণের ২ জন।
নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪,০৬৮ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১,১৪ জন। সুস্থ হয়েছেন ৩,৩৬৮ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৫৮৭ জন।
২৬ এপ্রিল, ২০২১।
