চাঁদপুরে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
‘পুলিশই জনতা-জনতাই পুলিশ, কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র’ এই প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে চাঁদপুর জেলা পুলিশ ও জেলা কমিউনিটি পুলিশিংয়ের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
তিনি তাঁর বক্তব্যে বলেন, সারাদেশে ৫৫ হাজারের মতো কমিউনিটি পুলিশিংয়ের কমিটি রয়েছে। প্রায় সাড়ে ৯ লাখ কর্মকর্তা এর সাথে জড়িত রয়েছে। সাধারণ মানুষদের পুলিশের কাছে যেতে একসময় ভয় ও দ্বিধা ছিলো। পুলিশের সাথে সাধারণ মানুষের যোগাযোগে সৃষ্টিতে কমিউনিটি পুলিশিং ভালো ভূমিকা রাখছে। যারা এই কমিউনিটি পুলিশিং শুরুতে যারা ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।
সারাদেশে কমিউনিটি পুলিশিং সুনামের সাথে কাজ করে যাচ্ছে। পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশ, জঙ্গিবাদ, ইভটিজিং, কিশোর গ্যাং, মাদক ও চুরি ডাকাতি নির্মূলে প্রশংসনীয় ভূমিকা পালন করছে।
এসময় অন্য বক্তারা বলেন, চাঁদপুর জেলায় কমিউনিটি পুলিশের ২২ হাজার সদস্য বর্তমানে রয়েছে। প্রথমে টহল সদস্যদের নিয়ে গঠিত হয়। তৎকালীন পুলিশ সুপার শহিদুল হক কমিউনিটি পুলিশিং কার্যক্রম চাঁদপুরে তরাম্বিত করতে সদস্য বৃদ্ধি করা হয়। এখানে যারা সম্পৃক্ত রয়েছে তারা কিছু পাবার জন্য আসেনি। তারা নিজের পকেটের টাকা খরচ করে কাজ করছেন।
বক্তারা আরো বলেন, জনকল্যাণে আমরা কাজ করছি। সারাদেশের কোথাও আছে কিনা আমরা জানি না চাঁদপুর পৌরসভার প্রতিটি ওয়ার্ডে বাঁশি-লাঠি আর একটি নির্দিষ্ট পোষাক পরে রাতে টহল দিয়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখছে কমিউনিটি পুলিশ। তাই তো আমরা বলি দিনের চাঁদপুরের চেয়ে রাতের চাঁদপুর অনেক নিরাপদ। চাঁদপুরের ১৫টি অঞ্চলে ১২০ জন টহল সদস্য জনগণের সেবায় কাজ করে যাচ্ছে।
১৯৯৯ সালের ২৫ আগস্ট থেকে চাঁদপুরে কমিউনিটি পুলিশ কার্যক্রম শুরু হয়। পুরো জেলায় পুলিশ সদস্য রয়েছে মাত্র ১ হাজার ২শ’ ৯৩ জন, আর পুরো জেলায় কমিউনিটি পুলিশ সদস্য রয়েছে ২২ হাজার। আমাদের চেয়ে আর কে শক্তিশালী? আমরা সবাই যদি এক থাকি তাহলে কোনো গ্যাং অন্যায়-অপরাধ করতে পারবে না। আমরা দেখে থাকি রাত ১১টায় চাঁদপুর শহর নীরব হয়ে যায়। দূর-দূরান্তের লঞ্চ যাত্রীরা এসে বিপাকে পরতে হয়। কিন্তু কমিউনিটি পুলিশিং আধুনিক পুলিশি কার্যক্রমের জন্য তারা নিরাপদে যাতায়াত করেন।
পুলিশ সুপার ও জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির প্রধান উপদেষ্টা মো. মিলন মাহমুদের সভাপতিত্বে এবং বিশিষ্ট ছড়াকার রোটা. ডা. পীযুষ কান্তি বড়ুয়ার পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. হেলাল চৌধুরী, স্বাধীনতা পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন, ইন্ডাস্ট্রিয়াল কমিউনিটি পুলিশের সমন্বয় কমিটির সভাপতি সেলিম খান, পৌর কমিউনিটি পুলিশের সভাপতি রোটা. শেখ মনির হোসেন বাবুল, সদর উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি অধ্যাপক সালেহ উদ্দিন জিন্নাহ।
অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক মাও. আব্দুর রহমান গাজী ও গীতা পাঠ করেন সাংবাদিক বিমল চন্দ্র দে।
অনুষ্ঠানে কমিউনিটি পুলিশিং প্রসংশনীয় ভূমিকা রাখায় ওসি ওলিউল্লাহ ও সদর উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি অধ্যাপক সালেহ উদ্দিন জিন্নাহকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

৩১ অক্টোবর, ২০২২।