স্টাফ রিপোর্টার
করোনায় আক্রান্ত হয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন সেন্টার ও চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে নারীসহ ৫ জনের মৃত্যু হয়েছে। রোববার (১১ এপ্রিল) সন্ধ্যার পর চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় ও আইসোলেশন ইউনিট থেকে এসব তথ্য জানানো হয়েছে।
মৃতরা হলেন- চাঁদপুর শহরের মাদ্রাসা রোডের বাসিন্দা সিরাজুল ইসলাম (৬৩), চাঁদপুর সদরের মৈশাদী ইউনিয়নের মজিবুর রহমান (৬৫), হাজীগঞ্জ উপজেলার কাশিমাবাদ প্রতাপুর গ্রামের মোতাহার (৭০), কচুয়া পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারী আবদুল মতিন (৫০) ও চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নের আনোয়ারা বেগম (৮০)।
সিভিল সার্জন কার্যালয়ের দেয়া তথ্যে জানা গেছে, সিরাজুল ইসলাম রোববার দুপুর সাড়ে ১২টায় ঢাকায় নেয়ার পথে মৃত্যুবরণ করেন। আনোয়ারা বেগম রোববার বিকেল সাড়ে ৪টায় আইসোলেশন সেন্টারে মৃত্যুবরণ করেন। মজিবুর রহমান শনিবার দুপুর দেড়টায় আইসোলেশন ইউনিটে মৃত্যুবরণ করেন। মোতাহার হোসেন ঢাকায় নেয়ার পথে ৫ টা ৪৫ মিনিটে মৃত্যুবরণ করেন। আবদুল মতিন গতকাল রাত ১১টায় ঢাকায় নেয়ার পথে এ্যাম্বুলেন্সে মৃত্যুবরণ করেন।
মৃতরা অসুস্থ হলে গত ৩১ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত পর্যায়ক্রমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে করোনা পরীক্ষার নমুনা দেন।
উল্লেখ্য, ২০২০ সালের ৯ এপ্রিল থেকে চলতি বছরের ১১ এপ্রিল পর্যন্ত সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুসারে করোনায় আক্রান্ত হয়ে ১শ’ ৩ জনের মৃত্যু হয়েছে। জেলায় এক বছরে করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে ২২,০৩১টি। এর মধ্যে পজিটিভ রিপোর্ট ৩,৫০৬টি। এ পর্যন্ত সুস্থ হয়েছে ২,৯৩৮ জন। চিকিৎসাধীন রোগী ৪৮৮জন। বর্তমানে আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন রোগী ৩৭ জন। করোনা শনাক্ত হয়ে গতকাল নতুন ভর্তি হয়েছেন ১০ জন।
১২ এপ্রিল, ২০২১।
