চাঁদপুরে করোনায় ১ জন ও উপসর্গে ৫ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালের করোনা আইসোলেন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরো ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১জন করোনায় আক্রান্ত রোগী, ১জন করোনা নেগেটিভ রিপোর্টের রোগী ও ৪ জনের করোনার উপসর্গ ছিল। মৃতদের মধ্যে সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত ৫ জন ও রোববার ১ জন মারা গেছেন।
চাঁদপুর সদর হাসপাতালের করোনা বিষয়ক ফোকালপার্সন ডা. সুজাউদ্দৌলা রুবলে জানান, হাজীগঞ্জের বাকিলা এলাকার সিরাজুল ইসলাম (৭০) গত ১৬ এপ্রিল দুপুরে সদর হাসপাতালে ভর্তি হন। তিনি করোনায় আক্রান্ত ছিলেন। গতকাল সোমবার দুপুর ১টা ৫০ মিনিটে তিনি আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এছাড়া পুরানবাজারের জাফরাবাদ এলাকার মিলন গাজী (৭০) সোমবার দুপুর ২টার দিকে মারা যান। রোববার বেলা ১১টা ২০ মিনিটে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে তার করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছিল।
তিনি আরো জানান, চাঁদপুর শহরের মাদ্রাসা রোডের সৈয়দুন্নেছা (৭০) সোমবার দুপুর পৌনে ৩টায় মারা যান। তিনি একই দিন পৌনে ২টায় তিনি হাসপাতালে আসেন। বিকেল সাড়ে ৩টায় মারা যান চাঁদপুর সদর উপজেলার আশিকাটির মাজেদা বেগম (৭০)। তিনি হাসপাতালে আসেন এর এক ঘণ্টা আগে।
এছাড়া শহরের গুয়াখোলা এলাকার সালামত মিজি (৬৮) মারা যান বিকেল ৩টা ৫০ মিনিটের সময়। তিনি হাসপাতালে আসেন বেলা ১২টা ৪০ মিনিটে। তাদের ৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। রাতে রিপোর্ট জানা যাবে।
এর আগে রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় চাঁদপুর সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে লতিফা বেগম (১০৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তার বাড়ি চাঁদপুর সদর উপজেলার বাগড়া বাজার সংলগ্ন উত্তর বালিয়া গ্রামে।
করোনার উপসর্গ নিয়ে ওই দিন বিকেল সাড়ে ৪টায় হাসপাতালে এসেছিলেন তিনি। তার নমুনা সংগ্রহ না করায় আর জানার সুযোগ থাকছে না তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন কিনা।
চাঁদপুর সিভিল সার্জন অফিসের তথ্যানুযায়ী রোববার পর্যন্ত জেলায় করোনায় মৃতের সংখ্যা ১০৪ জন। আক্রান্ত রোগীর সংখ্যা ৩ হাজার ৮৮৯জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১৬ জন।

চাঁদপুরে আরো ৩১ জনের করোনা শনাক্ত

চাঁদপুরে রোববার আরো ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ১৮ জন, ফরিদগঞ্জের ৫ জন, মতলব উত্তরের ৩ জন, হাজীগঞ্জের ২ জন, কচুয়ার ১ জন, শাহরাস্তির ১ জন ও হাইমচরের ১ জন।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, একই দিনে ৪১ জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ২৭ জন, মতলব উত্তরের ৫ জন, হাইমচরের ১ জন, ফরিদগঞ্জের ৩ জন, হাজীগঞ্জের ৪ জন ও শাহরাস্তির ১ জন।
নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ হাজার ৮শ’ ৫৯ জন। এর মধ্যে মৃতের সংখ্যা ১শ’ ৪জন। সুস্থ হয়েছেন ৩ হাজার ১শ’ ১৭ জন। বর্তমানে চিকিৎসাধীন ৬শ’ ৭জন। আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ১৬ জন। বাকিরা হোম আইসোলেশনে আছেন।

২০ এপ্রিল, ২০২১।