নেই স্বাস্থ্যবিধি, মার্কেটে উপচেপড়া ভিড়
ইলশেপাড় রিপোর্ট
চাঁদপুর শহরের মার্কেটগুলোতে ঈদের কেনাকাটার ধুম লেগেছে। কোথাও নেই স্বাস্থ্যবিধি কিংবা সামাজিক দূরত্ব। সকাল থেকে রাত পর্যন্ত যে যার মতো ছোট-বড় সবাই পছন্দের কেনাকাটায় ব্যস্ত। শহরের সব শপিংমল, মার্কেট ও দোকান-পাটগুলোতে করোনা সংক্রমিত হওয়ার ঝুঁকি নিয়েই ঈদ শপিংয়ে ব্যস্ত মানুষজন। তারা কেউ স্বাস্থ্যবিধির তোয়াক্কাই করছেন না। অধিকাংশ ক্রেতা বা বিক্রেতাই ব্যস্ত কেনাকাটা নিয়ে। স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার শর্তে সরকার শপিংমল ও দোকান-পাট খুলে দিলেও তার কোন বালাই নেই কোথাও।
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুর শহরের সব মার্কেটেই ভিড় জমিয়েছেন ক্রেতারা। স্বাস্থ্যবিধি না মেনে ক্রেতাদের বিপণী বিতানগুলোতে ভিড় করতে দেখা যাচ্ছে। ঈদকে কেন্দ্র করে পরিবার-পরিজনের জন্য পছন্দের জামা-কাপড় কিনতে প্রখর রোদ ও করোনা ভীতিকে উপেক্ষা করে ক্রেতাদের ঢল নামছে শহরের সব মার্কেটগুলোতেই। মানুষের ভিড়ে যেন তিল ধারণের ঠাঁই নেই।
ক্রেতাদের ভিড় আর ফুটপাতের বিক্রেতাদের হাঁকডাক এবং সড়কে মানুষ আর নানা যানবাহনে একাকার পুরো চাঁদপুর শহর। ক্রেতাদের এমন উপচেপড়া উপস্থিতিতে অনেক খুশি বিক্রেতারা। করোনা সংক্রমণ পরিস্থিতিতে ঘোষিত সর্বাত্মক লকডাউনের মধ্যে ব্যবসায়ীদের কথা বিবেচনা করে গত ২৫ এপ্রিল থেকে শপিংমল ও দোকানপাট খুলে দেয় সরকার।
বিক্রেতারা বলছেন, এতদিন ক্রেতাদের খুব একটা চাপ না থাকলেও দু’দিন ধরে বেচা-বিক্রি বাড়ছে অনেকটাই। ক্রেতাদের চাপে তাদের যেন দম ফেলার ফুসরত নেই। শহরের হাকিম প্লাজার অনেক বিক্রেতা বলেন, আগেও অনেক ক্রেতার ভিড় ছিল। বিক্রিও হয়েছে অনেক। তবে গত কয়েকদিন ক্রেতা বাড়ার পাশাপাশি বিক্রিও বেড়েছে অনেক।
স্বাস্থ্যবিধি না মেনে ক্রেতা-বিক্রেতাদের এমন বেপরোয়া বিকিকিনিতে চাঁদপুরের জনজীবনে যে করোনার প্রকোপ বৃদ্ধি করবে তা পরিস্থিতি দেখেই অনুমান করা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের তদারকি জরুরি প্রয়োজন বলে মনে করেন অনেকেই। তবে প্রশাসনের নীরবতায় চাঁদপুরে করোনা পরিস্থিতির অবনতি ঘটলে অবাক হওয়ার কিছুই থাকবে না বলে অভিমত স্থানীয় শহরবাসীর।
৯ মে, ২০২১।
