ইলিশ উৎপাদন বর্তমানে আড়াইগুণ বেড়েছে
……….শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি
স্টাফ রিপোর্টার
চাঁদপুরে জাতীয় মৎস্য সপ্তাহের পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকাল সাড়ে ১০টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
তিনি তাঁর বক্তব্যে বলেন, জাতীয় পর্যায়ে মাছের যে ব্যাপক উৎপাদন এবং বিদেশে রপ্তানির ব্যাপারে চাঁদপুর একটি বড় ভূমিকা রাখে। যার কারণে চাঁদপুরবাসীর একজন হিসেবে আমি গর্বিত। চাঁদপুরে এখন আমরা যে মাছ উৎপাদন করছি তার অর্ধেকই উদ্বৃত্ত থাকে। আমরা ২০১৬-২০১৭ সাল থেকে বিশেষ করে ২০১৮ সাল থেকে মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পেরেছি। মানুষের গড় প্রতি যেটুকু মাছের প্রয়োজন তার থেকে আমরা এখন একটু ভালো করছি।
তিনি আরো বলেন, মাছ উৎপাদনে যারা শ্রম দেয় তাদের যদি সঠিকভাবে সহযোগিতা দেওয়া যায় তাহলে তারা যে ম্যাজিকের মত সেটা করে দিতে পারে বাংলাদেশ তার প্রমাণ। আমাদের কৃষি উৎপাদন যে পরিমাণ বেড়েছে, দেশীয় ফল, শাকসবজি এবং মাছের উৎপাদন এগুলো সম্ভব হয়েছে আমাদের দেশের মানুষের উৎসাহ উদ্দীপনার এবং কর্মস্পৃহার কারণে। আমরা এখন মুক্ত জলাশয়ে মাছ উৎপাদনে তৃতীয়, স্বাদু পানির মাছ উৎপাদনে ২য়, বদ্ধ জলাশয়ে মাছ উৎপাদনে ৫ম, বিশ্বে ১১টি দেশ ইলিশ উৎপাদন করে তারমধ্যে আমরা ১ম। ইলিশ উৎপাদনে বর্তমানে আড়াইগুণ বেড়েছে। এর অবদান সংশ্লিষ্ট সবার। দেশকে এগিয়ে নিতে হলে সবার সমন্বিত প্রচেষ্টা লাগে। মাছের ক্ষেত্রেও তাই হয়েছে। সবার চেষ্টার মধ্য দিয়েই আমরা সাফল্য অর্জন করতে পারছি।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মৎস্য অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক আব্দুস ছাত্তার, নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার মো. কামরুজ্জামান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমানের পরিচালনায় মৎস্যজীবী নেতাদের পক্ষে বক্তব্য রাখেন জেলা কান্টি ফিসিং বোর্ড মালিক সমিতির সভাপতি শাহ আলম মল্লিক।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ানসহ আরো অনেকে।
০১ আগস্ট, ২০২২।
