সজীব খান
‘দক্ষ যুবক সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ শ্লোগানে চাঁদপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে যুব সমাবেশ ও যুব র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ নভেম্বর) বেলা ১১টায় চাঁদপুর যুব ভবনের সামনে থেকে র্যালি বের করা হয়। পরে যুব ভবনের প্রশিক্ষণ কেন্দ্রে যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন।
তিনি বলেন, আমাদের উদ্যমীদের স্বপ্ন দেখাতে হবে। যুব সমাজের নেতৃত্বেই দেশ এগিয়ে যাবে। বাংলাদেশকে এগিয়ে নিতে হলে যুব সমাজের প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণের মাধ্যই নিজেকে একজন সফল আত্মকর্মী হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করা যায়। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করতে হবে, দক্ষতা অর্জন করেই স্বাবলম্বীর পথে হাটতে হবে। প্রশিক্ষণ নিয়ে ঘরে বসে থাকলে চলবে না। যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিলে বিভিন্ন ব্যাংক সহজ শর্তে ঋণ নিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।
তিনি আরো বলেন, স্বাধীনতার যুদ্ধকালীন সময় থেকে শুরু করে এ পর্যন্ত সব ক্রান্তিকালে যুবকরাই এগিয়ে এসেছে, নেতৃত্ব দিয়েছে। দক্ষতা যুবকদের, এগিয়ে যাবে দেশ। উন্নত বাংলাদেশ গড়ার জন্য যুবকদেরই নেতৃত্ব দিতে হবে।
চাঁদপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক নুর মোহাম্মদের সভাপতিত্বে এবং তথ্য কর্মকর্তা আহসান সরকারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক রজত শুভ সরকার, কর্মসংস্থান ব্যাংক চাঁদপুর শাখার ম্যানেজার কবির হোসেন, উদ্যোক্তা জাকির হোসেন, উদ্যোক্তা আব্দুল মতিন তপদার ভুট্টা, এমএ হানিফ, প্রশিক্ষণার্থী বাঁধন চন্দ্র শীল।
অনুষ্ঠান শেষে যুব ঋণের চেক বিতরণ, শ্রেষ্ঠ যুব সংগঠকদের সনদপত্র ও ক্রেস্ট প্রদান, প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রশিক্ষণার্থী মো. আল আমীন।
০২ নভেম্বর, ২০২১।
