পরিবার পেল ১ লাখ ১০ হাজার
স্টাফ রিপোর্টার
চাঁদপুরে তৈলবাহী ট্যাংক লরির চাপায় নিহত পান দোকানীর জীবনের মূল্য নির্ধারণ করা হয় ১ লাখ ৫০ হাজার টাকা। নিহতের পরিবার পেল ১ লাখ ১০ হাজার টাকা। এ নিয়ে চাঁদপুরে ব্যাপক উত্তেজনা ও জল্পনা-কল্পনা চলছে।
জানা যায়, গত সোমবার বিকেলে চাঁদপুর শহরের স্ট্র্যান্ড রোড এলাকায় মেঘনা ডিপোর তেলবাহী লরির চাপায় সড়কে পিষ্ঠ হয়ে পান দোকানী শীতল চক্রবর্তী (৬৫) এর মর্মান্তিক মৃত্যু হয়। সে ঘটনায় এলাকাবাসী ট্যাংক লরিটি জব্দ ও চালককে আটক করে। পরে ঐ দিন রাত ১২টায় চাঁদপুর মডেল থানায় নিহতের স্বজন, এলাকাবাসী ও প্রশাসনের কর্মকর্তারা বসে আলোচনার ভিত্তিতে নিহত শীতল চক্রবর্তীর জীবনের মূল্য নির্ধারণ করা হয় ১ লাখ ৫০ হাজার টাকা। লরির মালিক মোস্তফা মিয়াকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা দেওয়ার জন্য সিদ্বান্ত দেন উপস্থিত সকলে।
সেমতে গতকাল মঙ্গলবার সকালে নিহত শীতল চক্রবর্তীর লাশ হিন্দু ধর্মের রীতি অনুযায়ী চাঁদপুর শহরের ইচলী মহাশ্বশানে তার শেষ অন্তেস্টিক্রিয়া সম্পন্ন করা হয়।
এদিকে মঙ্গলবার দুপুরের পর শীতল চক্রবর্তীর পরিবারকে ১ লাখ ৫০ হাজারের পরিবর্তে ১ লাখ ১০ হাজার টাকা হাতে দিয়ে চাপিয়ে দেন এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ প্রশাসনের কর্মকর্তারা। যা’ নিয়ে পরবর্তীতে নিহতের পরিবারের মধ্যে প্রশাসনের মাঝে ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক উত্তেজনা ও ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। বাকি ৪০ হাজার টাকা সালিসরা ভাগ-বাটোয়ারা করে নিয়ে গেলে বলে জানা গেছে।
এ বিষয়ে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ জানান, মর্মান্তিক সড়ক দুর্ঘটনার খবর পেয়ে সাথে সাথে থানা থেকে পুলিশ ফোর্স পাঠিয়েছি। মেঘনা ডিপোর লরির চাপায় পথচারী নিহত হয়েছেন। পরে নিহতের স্বজন ও এলাকাবাসী একমত হয়ে তার পরিবারকে আর্থিক সহায়তা করায় তারা মামলা না করায় এ বিষয়ে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হয়নি।
০২ মার্চ, ২০২২।
