চাঁদপুরে ট্রাভেল এজেন্সীসহ ৩ প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা অর্থদন্ড


শাহ আলম খান
চাঁদপুর শহরে ট্রাভেল এজেন্সীর লাইসেন্স না থাকা এবং লাইসেন্সের শর্ত ভঙ্গ করে ভিসা প্রসেসিং, ম্যান পাওয়ার করা, ভিসা যাচাইসহ বিভিন্ন অপরাধে তিন প্রতিষ্ঠানকে সর্বমোট ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
গতকাল সোমবার বিকাল সাড়ে ৪ টায় বাসস্ট্যান্ড ও কালীবাড়ী এলাকায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোরশেদুর ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এই অর্থ দন্ড প্রদান করেন।
ফয়সাল শপিং কমপ্লেক্সের ৩য় তলায় মক্কা ওভারসীজ ট্রাভেলে বাংলাদেশ ট্রাভেল এজেন্সী (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ৯ ধারা লঙ্ঘনের অপরাধে ১১ ধারায় ঐ প্রতিষ্ঠানের প্রতিনিধি মারিয়াতুল জুমআ (২২) কে ১০ হাজার টাকা ও কালীবাড়ি মোড়ের ভূইয়া মার্কেটের ২য় তলায় এরাবিয়ান এয়ার ট্যুরস এন্ড ট্রাভেলস কে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩ এর ৩২ ধারা লংঘনের অপরাধে উক্ত প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আবু জাহিদ (৩১) কে ১০ হাজার টাকা এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিস লাইসেন্সের শর্ত ভঙ্গ করে দীর্ঘদিন যাবত ভিসা প্রসেসিং ও বিমান টিকেট করায় একই আইনে শাহীনকে ১০ হাজার টাকাসহ মোট ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে এই কর্মকর্তারা জানান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা প্রদান করেন কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. ফখরুল আলম, জেলা প্রশাসক কার্যালয়ের পেসকার মো. জহিরুল ইসলামসহ পুলিশ সদস্যবৃন্দ।