চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত খোকন গাজী আটক

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ও একাধিক ডাকাতি মামলার আসামি মো. খোকন গাজী (৫২) কে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। চাঁদপুর মডেল সদর মডেল থানা থেকে রোববার (৩০ মে) বিকেল ৩টায় চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে।
জানা যায়, গত শনিবার রাত প্রায় আড়াইটার দিকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ইচলী ঢালীর ঘাট এলাকায় অভিযান চালিয়ে মডেল থানার এসআই ফারুক আহমেদ খোকন গাজীকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২টি রামদাসহ বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ জানান, সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ইচলী ঢালীর ঘাট এলাকার মৃত সাদেক গাজীর ছেলে মো. খোকন গাজীর বিরুদ্ধে ২০১৯ সালের ৪ জুলাই সিলেট মৌলভীবাজার এলাকার শ্রীমঙ্গল থানায় ২টি, ২০১১ সালের ১১ ডিসেম্বর মৌলভীবাজার সদর থানায় ১টি এবং ২০১৮ সালের ১৮ নভেম্বর হাজীগঞ্জ থানায় ১টি সহ ৪টি ডাকাতি মামলা বর্তমানে চলমান আছে।
আসামির বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতকালে দেশীয় অস্ত্রসহ আটকের বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার পুলিশ বাদী হয়ে রোববার বিকেরে ১টি মামলা দায়ের করেছে বলে থানার ডিউটি অফিসার মো. সুমন মিয়া জানান।

৩১ মে, ২০২১।