তথ্য গোপন করলে দুর্নীতি বেড়ে যায়
…. আবদুল্লাহ আল মাহমুদ জামান

স্টাফ রিপোর্টার
চাঁদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান বলেন, দীর্ঘদিনের দাবি শেষে ২০০৯ সালে এই আইন প্রণয়ন করা হয়। আলোচনা সভায় অনেকের বক্তব্য শুনেছি, কেউ কেউ আশার কথা বলেছেন আবার কেউ হতাশার কথাও বলেছেন। অবাক লাগলো সরকারি অফিসে আবেদন গ্রহণ করার লোক নেই একথা শুনে। এতো আইনী বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও এমনটি হচ্ছে। তথ্য প্রদানে বাধ্য করতে হলে নিজের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। অনেক সময় সম্পর্ক নষ্ট হবে বলে আমরা কিছু বলি না বা বলা হয় না। আমরা চাই প্রতিটি সরকারি প্রতিষ্ঠানে ঠিকমত তথ্য প্রদান করা হোক।
গতকাল সোমবার বিকালে ২ দিনব্যাপী চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে তথ্য মেলা উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিটি বাণী প্রাসঙ্গিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছেন। যদি দুর্নীতি দমন করা না যায়, তাহলে সে স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। আর তথ্য গোপন করলে দুর্নীতি বেড়ে যায়। তথ্য অধিকার আইন তথ্য অধিকার আদায়ের সনদ। এই আইন বাস্তবায়নে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে সবাই একসাথে কাজ করবো।
সচেতন নাগরিক কমিটির সনাকের সভাপতি অধ্যক্ষ মোশারফ হোসেনের সভাপতিত্বে ও হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইশমত আরা শাফি বন্যার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. হাবিবুল করিম, প্রেসক্লাব সভাপতি ইকরাম চৌধুরী, সচেতন নাগরিক কমিটির (সনাক) সাবেক সভাপতি কাজী শাহাদাত, জেলা তথ্য অফিসার মো. নূরুল হক, কুমিল্লা টিআইবি’র সিই হুমায়ন কবির, সনাক সদস্য সবিতা বিশ্বাস, ইয়েস গ্রুপ দলনেতা রত্না আক্তার প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন তথ্য মেলা উপ-কমিটির আহ্বায়ক ডা. পীযুষ কান্তি বড়ুয়া।
আলোচনা সভা শেষে তথ্য মেলায় দুর্নীতিবিরোধী গণস্বাক্ষর বোর্ডে স্বাক্ষর করেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। এছাড়া অতিথিবৃন্দ তথ্য মেলার স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন।
আলোচনা সভার আগে তথ্য মেলা উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এরপর প্রধান অতিথি ফিতা কেটে তথ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
