স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের ডাকাতিয়া নদীতে ‘এমভি সাদিয়া এন্টারপ্রাইজ’ নামে একটি তেলবাহী জাহাজের ইঞ্জিনকক্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে জাহাজে থাকা ৬ জন অগ্নিদগ্ধ হয়েছেন। রোববার (২৭ অক্টোবর) বিকেলে পদ্মা ওয়েল কোম্পানির জেটির পাশের ডাকাতিয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে। চাঁদপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সৈয়দ মোরশেদ আলম এ তথ্য নিশ্চিত করেন।
আহতরা হলেন- জাহাজের শ্রমিক রুবেল (৩৫), গোলাপ (৫০), জিলানী (৩০), মাসুদ (৩০), গিয়াস উদ্দিন (২৯) ও মধু মিয়া (৫৫)।
আহত মধু মিয়া ও জিলানী জানান, চট্টগ্রাম থেকে গত শুক্রবার আমরা চাঁদপুর পদ্মা ডিপোতে আসছি। পুরো ট্যাংকারে পেট্রোল ও ডিজেল নিয়ে আসা হয়। ইঞ্জিনকক্ষের গ্যাসে হঠাৎ জেনারেটর বিস্ফোরণ হয়। আগুন ছড়িয়ে পড়লে আমরা নদীতে ঝাঁপিয়ে পড়ি।
পদ্মা অয়েলের চাঁদপুর ডিপোর ম্যানেজার মো. লোকমান বলেন, তেলবাহী ওই জাহাজ চট্টগ্রাম থেকে এসেছিল জ্বালানি তেল- অকটেন নিয়ে, যা চাঁদপুর ডাকাতিয়া নদীর পদ্মা তেলের ডিপো-সংলগ্ন এলাকায় নোঙর করে। জাহাজটিতে ২ লাখ ৬৩ হাজার লিটার পেট্রল ও ৫ লাখ ১৫ হাজার লিটার ডিজেল জ্বালানি তেল ছিল। এটি রাষ্ট্রীয় মালিকানাধীন পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের ডিপোতে খালাস করার সময় হঠাৎ জাহাজের ইঞ্জিন রুমে বিস্ফোরণে অগ্নিকাণ্ড সংঘটিত হয়।
তিনি আরও বলেন, পদ্মা অয়েলের ওই জাহাজে মোট ৯ কর্মী ছিলেন। বিকেলে ইঞ্জিনের পাশে থাকা রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন জাহাজে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে জাহাজের পেছনের অংশ বিস্ফোরিত হয়। চাঁদপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাদের স্থানীয় প্রশাসন ও পুলিশ সহায়তা করে।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আকলিমা জাহান বলেন, অগ্নিকাণ্ডে আহত ঢাকায় মো. গোলাপ মিয়াকে রেফার করা হয়েছে। তার শরীরের প্রায় ৫০ ভাগ আগুনে পুড়ে গেছে। তবে মো. রুবেল, জিলানী, মাসুদ, গিয়াস উদ্দিন ও মধু নামে আরও ৫ জন দগ্ধ হয়েছেন। তাদের শরীরের ৩০ ভাগ আগুনে পুড়লেও এ হাসপাতালে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
চাঁদপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সৈয়দ মোরশেদ আলম বলেন, বিকেল সোয়া ৪টার দিকে ওই নদীর পদ্মা ওয়েল কোম্পানির জেটির পাশের ডাকাতিয়া নদীতে ‘এমভি সাদিয়া এন্টারপ্রাইজ’ নামে একটি তেলবাহী জাহাজের ইঞ্জিনকক্ষে আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ও কোস্টগার্ড এক ঘণ্টার চেষ্টায় বিকেল সোয়া ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ৬ জন অগ্নিদগ্ধ হয়েছেন।
তবে তাৎক্ষণিকভাবে ওই জাহাজে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
২৮ অক্টোবর, ২০২৪।
