শেখ হাসিনা অসহায় মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন
…………সুজিত রায় নন্দী
এস এম সোহেল
চাঁদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে ১৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ জুন) বিকালে জেলা আওয়ামী কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।
তিনি তার বক্তব্যে বলেন, জননেত্রী শেখ হাসিনা ক্রাইসিস মোকাবেলায় বিশ্বে দক্ষ রাষ্ট্রনায়ক হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব পরিমন্ডলে কখনো ‘ভ্যাকসিন হিরো’ ‘মাদার অব হিউম্যানিটি’ ‘চ্যাম্পিয়ন্স অব দি আর্থ’, ‘ইস্টার অব ইস্ট’ ‘স্টেটসম্যান’ শান্তির অগ্রদূত, কখনো নারীর ক্ষমতায়নের উজ্জ্বল দৃষ্টান্ত, বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সোচ্চার কণ্ঠস্বর, বিশ্বের অন্যতম সেরা সৎ ও পরিশ্রমী প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানসকন্যা, আবার কখনো তিনি উন্নয়নের ম্যাজিশিয়ান।
তিনি আরো বলেন, সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বপ্ন দেখেছিলেন ক্ষুধা, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার। দুর্ভোগ, দুর্দিনে দুঃস্থ অসহায়দের পাশে দাঁড়ানোই ছিলো জাতির পিতার আদর্শ। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অসহায় মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজি, সদস্য বেলায়েত হোসেন গাজী বিল্লাল, অ্যাড. বদিউজ্জামান কিরণ, পৌর আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাড. দেবাশীষ কর মধু প্রমুখ।
এসময় জেলা-উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১৮ জুন, ২০২৩।
