স্টাফ রিপোর্টার
বিধিনিষেধের ‘কঠোর লকডাউন’ এর ১৩তম দিন পর্যন্ত চাঁদপুরে দুই শতাধিক জেলে পরিবার পেয়েছে প্রধানমন্ত্রীর উপহার। মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে
চাঁদপুর স্টেডিয়ামে ২শ’ জেলে পরিবারের নারী-পুরুষের হাতে খাদ্য সহায়তা (৭ কেজি চাল) তুলে দেন জেলা প্রশাসক বেগম অঞ্জনা খান মজলিশ।
এসময় তিনি জেলে পরিবারের উদ্দেশে বলেন, এই লকডাউন সময়ে আপনারা খুব একটা ভালো দিন পার করছেন না। এজন্যই আমরা আপনাদের নিয়ে এসেছি প্রধানমন্ত্রীর উপহার আপনাদের হাতে তুলে দেয়ার জন্যে। যেন এসময়ে যে কর্মহীন অবস্থায় ও কষ্টে আছেন, যেন এসময়টা ভালো কাটে। সরকারের বিধিনিষেধ মেনে চলতে গেলে আপনাদের যে কষ্ট হয় তার কথা প্রধানমন্ত্রী মনে রেখেছেন, তিনি জানেন এবং বিবেচনা করেন। সে কারণেই তিনি আমাদের নির্দেশ দিয়েছেন আপনারা যারা অসহায়, দুস্থ ও কর্মহীন হয়ে পড়েছেন, তাদের মাঝে উপহার বিতরণের জন্যে।
জেলা প্রশাসক আরো বলেন, আগামি ১৫ তারিখ থেকে লকডাউন শিথিল হচ্ছে, ঈদের পরে আবার কঠোর লকডাউন দেয়া হবে। কারণ চাঁদপুরসহ সারা দেশে করোনা পরিস্থিতি ভালো হচ্ছে না। করেনা পরিস্থিতি ক্রমশ বুদ্ধি পেয়ে যাচ্ছে। চাঁদপুরের করোনা পরিস্থিতি তেমন একটা ভালো নেই। এখনও আমরা করোনা সংক্রমণের হার প্রায় ৪০% এর ঘরে রয়েছে। এই হারে যদি পরিস্থিতি খারাপ হতে থাকে, তাহলে সামনে আমাদের কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। সেইক্ষেত্রে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হলে আমাদের ঘর থেকে বের হওয়া যাবে না এবং সরকার যে বিধিনিষেধ আরোপ করবে তা মেনে চলতে হবে।
চাঁদপুর জেলা প্রশাসন কর্তৃক গঠিত স্বেচ্ছাসেবক টিমের টিম লিডার ওমর ফারুক ও সদস্য এমএ কুদ্দুছ রোকনের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী ও জেলা মৎসজীবী সমিতির সভাপতি মালেক দেওয়ান।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নিবাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ হেলাল চৌধুরী, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইবনে আল জায়েদ হোসেন, কাজী মো. মেশকাতুল ইসলাম, রিক্তা খাতুন, জাতীয় মৎসজীবী সমিতির প্রতিনিধি তসলিম বেপারী, কান্ট্রি ফিশিং বোট মালিক সমিতির সভাপতি শাহআলম মল্লিক প্রমুখ।
উল্লেখ্য, কঠোর লকডাউনের শুরু থেকে জেলা প্রশাসনের হটলাইনে ফোন করে আবেদনকারী ৭শ’ পরিবারকে তাদের বাড়িতে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেয়া হয়েছে। একই সাথে কর্মহীন ইজিবাইক ও অটোরিকশা চালক, বেদে, হিজড়া, হরিজন, পরিবহন শ্রমিক ও দুস্থ ১ হাজার ৫শ’ ৫১ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
১৪ জুলাই, ২০২১।
