স্টাফ রিপোর্টার
নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেছেন, আমাদের বর্তমান নির্বাচন কমিশন প্রথম থেকে আহ্বান জানিয়ে আসছিলাম সব দলকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। আমরা আশাবাদী সবাই অংশগ্রহণ করবে এবং নির্বাচনে অংশগ্রহণ করা তাদের দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে। তারাই হচ্ছে মাঠের প্লেয়ার। তারা যদি মাঠে না থাকে নির্বাচন ভালো হবে না। আমরা যতই মাঠ লেভেল প্লেয়িং করি, দুই পক্ষ না থাকলে সঠিক হবে না। এজন্য আমরা সবার কাছ থেকে সহযোগিতা চাইব, যাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়।
রোববার (২৯ জানুয়ারি) দুপুরে চাঁদপুর শহরের কোড়ালিয়া রোড এলাকায় নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমানের শ^শুর মরহুম মুক্তিযোদ্ধা এম সফিউল্লার বাসভবন প্রাঙ্গণে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা ১৫০ আসনে ইভিএমে নির্বাচন নিবো- এই সিদ্ধান্তে ছিলাম। আগের নির্বাচন কমিশন দেড় লাখ ইভিএম মেশিন কিনেছিল। গত ৪ বছর যাবৎ এসব মেশিনে বিভিন্ন পর্যায়ে নির্বাচন হয়েছে, ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশন ও পৌরসভা এবং উপ-নির্বাচন হয়েছে। এতে কিছুসংখ্যক ইভিএম মেশিন অকেজো ও ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। এগুলো এখন আমরা গুণগত মান যাচাই করছি, কি পরিমাণ ব্যবহার করা যাবে। তার উপর ভিত্তি করবে কতটি আসনে ইভিএম ব্যবহার করা যাবে। সেটি ৫০টি কিংবা ৭০টিও হতে পারে। এটার জন্য আরো কিছুদিন অপেক্ষা করা লাগবে, কতটি আসনে আমরা ইভিএমে নির্বাচন করবো।
এসময় নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমানের সহধর্মিণী সালমা রুপালী, চাঁদপুর জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তোফায়েল আহমেদ, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ৫ শতাধিক অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
৩০ জানুয়ারি, ২০২৩।
