চাঁদপুরে নৌকার পাখার সাথে লেগে জেলে আহত

কোস্টগার্ডের ধাওয়া খেয়ে মেঘনায় জেলের ঝাঁপ

 

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে কোস্টগার্ডের ধাওয়া খেয়ে নৌকা থেকে ঝাঁপ দিয়ে পড়ে পাখার সাথে লেগে সবুজ নামের এক জেলে গুরুতর আহত হয়েছে। এ সময় তার পা, পিঠ ও শরীরে বিভিন্ন স্থানে কেটে গুরুতর রক্তাক্ত জখম হয়ে সে জ্ঞান হারিয়ে ফেলেছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেলে রেফার করেন। কর্তব্যরত চিকিৎসক জানান যত দ্রুত ঢাকা নিয়ে যাওয়া প্রয়োজন।
শনিবার (৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার হরিণা ফেরিঘাট মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। গুরুতর জখম অবস্থায় কোস্টগার্ডের সদস্যরা সবুজকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। বিকেলে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ থেকে এই তথ্য জানা গেছে। আহত সবুজ চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের সোলেমান গাজীর ছেলে।
ঘটনার সময় টাস্কফোর্সের নেতৃত্বে ছিলেন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন। তিনি বলেন, অভিযানের সময় কোস্টগার্ডের দু’টি টিম একসাথে ছিলো। পরবর্তীতে একটি টিম নিয়ে আমি নিজে মোহনা এলাকায় অভিযান করি। কোস্টগার্ডের আরেকটি টিম হরিণা এলাকায় অভিযান করে। তখন জেলেদের ধাওয়া দিলে এক জেলে নদীতে পড়ে আহত হয়। বিষয়টি কোস্টগার্ড সদস্যরা আমাকে জানালে তাকে দ্রুত হাসপাতালে আনার জন্য বলি এবং বিষয়টি সিভিল সার্জনকে জানিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।
হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানানো হয়, কোস্টগার্ডের সদস্যরা জেলে সবুজকে আহত অবস্থায় হাসপাতালে জরুরি বিভাগে এনে রেখে চলে যায়। সবুজের একটি পা কেটে গেছে ও শরীরের পেছনে পিঠে নৌকার পাখার সাথে লেগে গুরুতর জখম হয়েছে। তার ব্যাপক রক্তক্ষরণ হলে সে অজ্ঞান হয়ে পড়ে। তার অবস্থা আশঙ্কাজনক দেখে ঢাকা মেডিকেলে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের সাব-লেফটেন্যান্ট রুহান মোর্শেদ বলেন, শাহরাস্তি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অভিযানের নেতৃত্বে ছিলেন। মা ইলিশ ধরার সময় জেলেদের ধাওয়া দিলে নৌকা থেকে পড়ে গিয়ে সবুজ নামে জেলে আহত হয়। নদী থেকে আহত জেলেকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে। এসিল্যান্ড হাসপাতালে কর্তৃপক্ষের সাথে কথা বলেছে জেলের চিকিৎসা দেওয়ার জন্য। আমাদের দায়িত্ব যতটুকু আমরা ততটুকুই পালন করেছি।
১০ অক্টোবর, ২০২১।