কক্সবাজারের মতো চাঁদপুরে একটা রিভারড্রাইভ নির্মাণ করা হবে
………… মোহাম্মদ মোহসীন উদ্দিন
এস এম সোহেল
চাঁদপুরে আধুনিক নৌবন্দর নির্মাণের জন্য ক্ষতিগ্রস্ত ১২৭ পরিবার ও ব্যবসায়ীকে ক্ষতিপূরণ হিসেবে ৩ কোটি ২৭ লাখ টাকার চেক দেওয়া হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) সকালে সোশ্যাল এনজিও-এর সহায়তার মাদ্রাসা রোডস্থ দারুল উলুম মাদ্রাসা মাঠে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে এসব চেক তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
তিনি তার বক্তব্যে বলেন, দেশব্যাপী ব্রিটিশদের আমল থেকে চাঁদপুর নদী বন্দরের সুনাম রয়েছে। চাঁদপুরসহ আশপাশের মানুষের জন্য এই টার্মিনালটা অনেক গুরুত্বপূর্ন। এটি দৃশ্যমান বিষ্ময়কর একটি টার্মিনাল হবে। যারা টাকা পাবেন তারা নিজ দায়িত্বে স্থাপনা সরিয়ে নিবেন। এর ব্যতয় হয় ৩ দিনের মধ্যে খালি করা হবে। একই জায়গার জন্য আপনারা ২ বার ক্ষতিপূরণ পেলেন। এই টার্মিনাল হলে এর সুফল আপনারাই ভোগ করবেন। কক্সবাজারের মতো চাঁদপুরে একটা রিভার ড্রাইভ নির্মাণ হবে। এখানে পর্যটনের জন্য রিসোর্ট তৈরি হবে। ২০২৫ সালের আগস্ট মাসে কাজ শেষ করতে হবে।
অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও আধুনিক নৌবন্দর নির্মাণ কাজের প্রকল্প পরিচালক মো. আইয়ুব আলীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) রাজিব চক্রবর্তী, প্রকল্প পরিচালক মো. ফরহাদুজ্জামান, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশিদসহ সুধীজন।
নৌবন্দর নির্মাণ কাজের প্রকল্প পরিচালক আইয়ুব আলী জানান, ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসায়ীদের চেক প্রাপ্তির এক সপ্তাহের মধ্যে বর্তমান স্থান ত্যাগ করতে হবে।
০৮ ডিসেম্বর, ২০২৪।
