চাঁদপুরে ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর স্থাপন

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান। শুক্রবার (২৬ মে) বিকেল সাড়ে ৩টায় জেলা জজ আদালত চত্বরে আগত বিচারপ্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মহসিনুল হক, জেলা প্রশাসক কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অ্যাপস) পলাশ কান্তি নাথ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) জান্নাতুল ফেরদাউস চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. রফিকুল হাসান রিপন, জেলা জজ আদালতের পিপি অ্যাড. রণজিৎ রায় চৌধুরী, জিপি অ্যাড. আব্দুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. জহিরুল ইসলাম, অ্যাড. কামাল উদ্দিন আহমেদ, জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. তৌহিদুল ইসলাম তরুন, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, জেনারেল অডিটর অ্যাড. মোহাম্মদ ইয়াসিন আরাফাত ইকরাম ও কার্যকরী কমিটির সদস্যসহ বিচার বিভাগের বিচারকরা।
এর আগে বিচারপতি মো. রেজাউল হাসান শুক্রবার সকালে চাঁদপুর সার্কিট হাউজে এসে পৌঁছলে জেলা ও দায়রা জজ, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, পিপি ও জিপিদের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। দুপুরে ন্যায়কুঞ্জ উদ্বোধনের পরে জেলা জজ আদালত প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি অংশ নেন। এরপর জেলা জজ আদালতের সম্মেলনকক্ষে ‘মোকদ্দমা নিষ্পত্তিতে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এসময় জেলা প্রশাসক, পুলিশ সুপারের প্রতিনিধি, জেলা জজ আদালতের বিচারকসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন।

২৭ মে, ২০২৩।