স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের ট্রাক রোড এলাকায় পুকুরের পানিতে ডুবে ওমর ফারুক (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৯ মে) দুপুর ১টার দিকে ট্রাক রোড মোস্তান বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু ফারুক ওই এলাকার জাকির হোসেন রঞ্জুর ছেলে।
নিহতের স্বজনরা জানান, বাড়ির অন্য শিশুদের সাথে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ফারুক নিখোঁজ হয়। ১ ঘণ্টা পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে পুকুরে ভেসে উঠলে তাৎক্ষণিক উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজাউদ্দৌলা রুবেল বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হলে প্রাথমিকভাবে চিকিৎসা দেয়া হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যে সে মৃত্যুবরণ করে।
১০ মে, ২০২১।
