চাঁদপুরে পারিবারিক ও সামাজিক অস্থিরতায় বাড়ছে অপরাধ

কাউন্সিলিংয়ে আত্মহত্যাসহ বিভিন্ন অপরাধ রোধের সম্ভাবনা

এস এম সোহেল
চাঁদপুরে পারিবারিক ও সামাজিক অস্থিরতায় নানা অপরাধ বেড়ে চলছে। হানাহানিসহ পারিবারিক বিরোধে আত্মহত্যা, এমনকি হত্যাকা-ের মতো ঘটনা ঘটছে। সাম্প্রতিক সময়ে খুন, আত্মহত্যা, ইভটিজিং, মিথ্যা মামলার সংখ্যা আগের যে কোন সময়ের তুলনায় বেড়ে যাওয়ায় ভাবিয়ে তুলছে সর্বমহলকে। তবে এজন্য সচেতন মহল দায়ী করছেন সামাজিক বন্ধনে ফাঁটলসহ ধর্মীয় মূল্যবোধের অভাবকে। তাদের মতে এখনই এ ধরনের অপরাধ কমিয়ে আনা না হলে সামাজিক ও পারিবারিক বন্ধন ভেঙে পড়বে।
চলতি বছরের মে মাসে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের অপমৃত্যুর রেজিস্ট্রি খাতায় ৫২ জনের নাম এন্ট্রি করা হয়। এরমধ্যে ৩ জন বিষপাণে আত্মহত্যা করে। গত ১ জানুয়ারি থেকে ২৮ মে চাঁদপুর মডেল থানায় পর্যন্ত ১টি হত্যা মামলা ও ২০টি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। চলতি মে মাসে জেলায় ১টি হত্যা এবং ১৪ জন বিষপাণ ও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে।
চলতি বছরের চাঁদপুর জেলার উল্লেখযোগ্য ঘটনাবলীর মধ্যে রয়েছে গত ৫ ফেব্রুয়ারি বিকালে মাদক কেনাবেঁচাকে কেন্দ্র করে খুন হওয়ার সোহেল বেপারীর লাশ ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের সকদিরামপুর গ্রামের বাইক্কার বাগানের গর্ত থেকে উদ্ধার করে। এ ঘটনায় চাঁদপুর সদর মডেল থানা ও ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনার সাথে সংশ্লিষ্ট শাহাদাত হোসেন ও জাকির হোসেন নামে দুইজনকে আটক করেছে।
সোহেল বেপারী চাঁদপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা ফজলু বেপারীর ছেলে। ৫ ফেব্রুয়ারি সোহেল বেপারীর স্ত্রী জোসনা বেগম চাঁদপুর মডেল থানায় নিখোঁজ ডায়রি (নং ২৮৫, তাং ০৫/০২/২৩) করেন। পরে পুলিশ তদন্তের এক পর্যায়ে দ্রুত তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সোহেলের বন্ধু শাহাদাত হোসেনকে আটক করে। পরে তার দেয়া তথ্য অনুযায়ী ৫ ফেব্রুয়ারি বিকালে ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের সকদিরামপুর গ্রামের বাইক্কার বাগানের পাশ থেকে পুঁতে রাখা সোহেলের লাশ নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন নাহারের উপস্থিতিতে উদ্ধার করে।
পুলিশ জানায়, আটক শাহাদাত প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, গত ১ ফেব্রুয়ারি রাতে শাহাদাত হোসেন, জাকির হোসেন, কাদের ও কাউসার সোহেলের সাথে নিয়ে মাদক কেনাবেচাকে কেন্দ্র করে ঝগড়ার এক পর্যায়ে সকদিরামপুর বাইক্কার বাগানের সোহেলকে গলায় রশি দিয়ে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলে। পরবর্তীতে সকদিরামপুর বড় পাটোয়ারী বাড়ির পেছনে জঙ্গলের পাশে ড্রেনের মধ্যে মাটি খুড়ে সোহেলের নিথর দেহ পুঁেত রাখে।
এছাড়া গত ১৯ মে সকালে ফরিদগঞ্জ পৌর এলাকার রুদ্রগাঁও গ্রামের তালুকদার বাড়ির মো. আনোয়ার হোসেনের ৮ বছরের শিশু ছেলে আদিল মোহাম্মদ সোহানের লাশ উদ্ধার করে পুলিশ। বাড়ির পাশের একটি জমি থেকে মাটিচাপা অবস্থায় শিশু আদিল মোহাম্মদ সোহানে অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। গৃহশিক্ষক এসএসসি পরীক্ষার্থী আ. আহাদ মুক্তিপণ আদায়ের আশায় অপহরণ ও পরে হত্যা করে। এ ব্যাপারে ওইদিনই সোহানের পিতা আনোয়ার হোসেন হত্যা মামলা দায়ের করেন।
গত ২৩ এপ্রিল রাত আনুমানিক ১২টার দিকে হাজীগঞ্জ পৌরসভাধীন ৬নং ওয়ার্ড মকিমাবাদ গ্রামের মাস্টার পাড়া প্রবাসী আব্দুল আজিজের নির্মাণাধীন ৬ তলা ভবনের নিচতলার লিফটের গর্ত থেকে নিখোঁজের দুইদিন পর মো. আব্দুল্লাহ্ আল কাউছার নামের ১৭ বছর বয়সী হাফেজের মরদেহ উদ্ধার করে। পরে ২৫ এপ্রিল দুপুরে সন্দেহভাজন উপজেলার হাজীগঞ্জ সদর ইউনিয়নের বাউড়া গ্রামের হেলাল উল্যাহ ছেলে পৌরসভাধীন ৬নং ওয়ার্ড মকিমাবাদ গ্রামের মাস্টার পাড়ার মুদি দোকানদার ফয়েজুল্লাহ্ ফয়েজ, পৌরসভার ১০নং ওয়ার্ড রান্ধুনীমূড়া গ্রামের মো. মহিউদ্দিনের ছেলে শাহ্ মোহাম্মদ সিফাত ও ৬নং ওয়ার্ড মকিমাবাদ গ্রামের মো. জাকির হোসেন মোহনের ছেলে মো. মুনতাসির মামুন নিরব আটক করে পুলিশ।
অপরদিকে পারিবারিক কলহের জেরে চাঁদপুর জেলায় আত্মহত্যা প্রবণতাও বেশি। তার মধ্যে গত ৭ মে সকালে ফরিদগঞ্জে রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও গ্রামের মো. শামসুল হকের ছেলে মো. সুজন (২৪) নামে বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের পরিত্যক্ত ঘর থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। গত ১১ মে রাতে ফরিদগঞ্জ উপজেলা উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের ষোলদানা গ্রামে প্রবাসী কামাল হোসেনের স্ত্রী শিপু বেগম (৪০) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করে। একইদিন রাতে মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের দক্ষিণ বোরোচর এলাকার নূর মোহাম্মদের মেয়ে নুরজাহান (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থী ঘরের আড়ার সঙ্গে ওড়না জড়িয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। গত ১১ মে ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া ইউ.জি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ৪জন শিক্ষার্থী আহত হয়। অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীরা ফেসবুকে লাইক-কমেন্ট নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে ধারালো অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় বিদ্যালয়ের কর্তৃপক্ষ ১৩ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে। গত ১৪ মে কচুয়া উপজেলার কাদলা গ্রামের জামাল হোসেন বাদল তফাদার কন্ট্রাক্টরের তাহসান তফাদার (১৮) নামের এক এসএসসি পরীক্ষার্থীকে মোটরসাইকেল কিনে না দেওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। গত ১৬ মে সকালে ফরিদগঞ্জের বোয়ালিয়া নুরাণী হাফেজিয়া মাদ্রাসার মাদ্রাসার শ্রেণি কক্ষে ঢুকে শিক্ষার্থীদের সামনে শিক্ষক আলী আজগরকে মারধর করে অভিভাবক কাজী জসিম উদ্দিন ও কাজী আল আমিন। শিক্ষার্থীকে শাসন করায় তারা শিক্ষকের উপর এ হামলা চালায় এবং প্রতিষ্ঠানটি বন্ধ ও ভাংচুর করার হুমকি প্রদান করেন। গত ১৭ মে সকালে ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের সোসাইরচর গ্রামের প্রবাসী সোহাগের স্ত্রী অন্নি বেগম (২০) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অন্নি বেগম মোবাইলে টিকটকে আসক্ত হয়ে পড়ে। এ নিয়ে পরিবারের সাথে কলহ চলছিল। এরই মধ্যে বুধবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে বসতঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। গত ১৯ মে রাত ৩টায় হাইমচর উপজেলার আলগী দক্ষিণ ইউনিয়নের গন্ডামারা গ্রামের ফারভেজ রাঢ়ীর স্ত্রী মাকসুদা আক্তার লিজা (১৯) নামের ৭ মাসের অন্তঃসত্বা এক গৃহবধূর গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে হাইমচর থানা পুলিশ। এ ঘটনায় গৃহবধূ মাকসুদার বাবা মোসলেম ছৈয়াল বাদী হয়ে স্বামী পারভেজ রাঢ়ী, শ^শুর ফারুক রাঢ়ী, শাশুড়ি ফাতেমা বেগম, ননদ ফারজানা বেগমসহ ৫জনকে আসামি করে হাইমচর থানায় একটি অভিযোগ দায়ের করেন। গত ২১ মে দুপুরে মতলব উত্তর উপজেলার ইছাখালী গ্রামের মুক্তার হোসেনের ছেলে মো. রাব্বি (২৬) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
চাঁদপুর সদর মডেল থানায় চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ মে পর্যন্ত ২০টি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তার মধ্যে গত ২ জানুয়ারি সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের ২নং ওয়ার্ডের রালদিয়া তপাদার বাড়ির বাবার বাড়িতে এসে ফয়সাল মাঝির স্ত্রী সুমাইয়া আক্তার (১৯) বৈদ্যুতিক পাখার সাথে ওড়না জড়িয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। গত ১ ফেব্রুয়ারি পৌরসভার ১৩নং ওয়াডস্থ খুলিশাডুলী এলাকার মো. লিটন বেপারীর মেয়ে ১০ম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তার লিমা (১৬) বৈদ্যুতিক পাখার সাথে ওড়না জড়িয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। গত ৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টায় সদর উপজেলার উত্তর মৈশাদী মজুমদার বাড়ির মো. মিন্টু মজুমদারের ছেলে মো. আজাদ মজুমদার (৩৫) বাড়ির পাশে কলা বাগানের ভিতরে বিষপাণ করে। ১০ ফেব্রুয়ারি চট্টগ্রাম মেডিকেল কলেজে সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। গত ৪ মার্চ পুরাণবাজার বাকালী পট্টি এলাকার সুমন ঘোষের স্ত্রী পূজা ঘোষ (২০) বৈদ্যুতিক পাখার সাথে ওড়না জড়িয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। গত ১৭ মে লক্ষ¥ীপুর ২নং ওয়ার্ডের বহরিয়া লতিফ খাঁর মাদ্রাসার পাশে শুক্কুর মিয়ার স্ত্রী লিপি আক্তার (৩০) স্বামীর সাথে অভিমান করে তার কক্ষে বিষপাণে আত্মহত্যা করে।
এভাবে প্রতিদিনই জেলার কোনো না কোনো উপজেলায় এ ধরনের সামাজিক অপরাধের খবর পাওয়া যাচ্ছে। তবে পারিবারিক বিরোধ’ই ব্যাপক অস্থিরতার কারণ হিসেবে দেখা যাচ্ছে। সবকিছুর পেছনে নৈতিক অবক্ষয় চরম আকারে দাঁড়িয়েছে। মাদকের সহজলভ্যতায় উঠতি বয়সের যুবক তরুণরা নেশার রাজ্যে বুদ হয়ে অপরাধ জগত পা রাখছে। অপরদিকে মোবাইলে পরকীয়াসহ প্রেমে ব্যর্থ হয়ে তরুণীরা আত্মহত্যার মত ঘটনা ঘটাচ্ছে। এসব ঘটনা সামাজিক ও পারিবারিক বন্ধনের জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে সর্বমহলে।
সচেতন মহলের মতে এসব সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ। ধর্মীয় মূল্যবোধের অভাব চরম আকার ধারণ করায় অধিকাংশ পরিবারগুলোতেই দেখা দিয়েছে অস্থিরতা। এসব রোধ করা না গেলে বড় ধরনের সামাজিক বিপর্যয় মেনে নিতে সবাইকে। এমনটাই অভিমত সচেতন মহলের।
চাঁদপুর মডেল থানার ওসি মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, আত্মহত্যা মানুষ বিভিন্ন কারণে করেছে। ইদানিং পারিবারিক ভায়োলেন্স খুব বেশি বেড়ে গেছে। এ কারণেও আত্মহত্যা করছে। বিশেষ করে মেয়েরা অবাঞ্ছিত বিভিন্ন সম্পর্কে জড়িয়ে যায়। সেখানে গিয়ে তারা প্রত্যাশা অনুযায়ী কোন কিছু না পায় তাদের মাঝে হতাশা দেখা দেয়, তখন তারা আত্মহত্যা করে। আমাদের সামাজিক ব্যবস্থা দিন দিন জটিল হয়ে যাচ্ছে। এ জটিল সামাজিক ব্যবস্থা সাথে নতুন প্রজন্ম খাপ খাইয়ে উঠা খুব কষ্টকর। তাদের কাউন্সিলিং করা খুব প্রয়োজন। আমি মনে করি অভিভাবকরা যদি যার যার অবস্থান থেকে নিজেরা সচেতন হয়ে ছেলে-মেয়েদের কাউন্সিলিং করে তাহলে আত্মহত্যার প্রবণতাসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব।
তিনি আরো জানান, এসএসসি পরীক্ষা শেষ হয়ে গেছে। এখন পাড়া-মহল্লার রাস্তায় শিক্ষার্থীরা আড্ডা দিবে। কিন্তু সন্ধ্যার পর পাড়া-মহল্লার রাস্তায় কাউকে পেলে আইনী ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এ চলমান অভিযান অব্যাহত থাকবে। চাঁদপুরবাসীকে কিশোর গ্যাংমুক্ত একটি শহর উপহার দিতে চাই। আমরা মিডিয়ার মাধ্যমে অভিভাবকদের জানাতে চাই আপনার সন্তানের ওপর নজর রাখুন। কোনো অবস্থাতেই তারা যেন অকারণে সন্ধ্যার পর বাইরে বের না হয়। মাদক ও কিশোর গ্যাং বিষয়ে কোনো ধরনের অপরাধ সংগঠিত হওয়ার লক্ষণ দেখামাত্রই চাঁদপুর সদর মডেল থানা পুলিশকে জানানোর অনুরোধ জানান তিনি।

২৯ মে, ২০২৩।