চাঁদপুরে পার্ক থেকে দু’টি অজগরসহ বন্যপ্রাণি উদ্ধার

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার দু’টি মিনি পার্ক থেকে অবৈধভাবে প্রদর্শনীর জন্য রাখা দু’টি অজগর সাপ, ৫টি বানর ও একটি শকুন উদ্ধার করেছে বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিট (ডব্লিউসিসিইউ)।
মঙ্গলবার (১৫ জুন) বিকেলে ডব্লিউসিসিইউ’র পরিদর্শক অসিম মল্লিক ও আব্দুল্লাহ আস সাদিকের নেতৃত্বে ৫ সদস্যের একটি টিম সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের ফাইভ স্টার শিশু পার্ক ও শাহমাহমুদপুর ইউনিয়নের কৃতিকুঞ্জ পার্ক থেকে এসব প্রাণিগুলো উদ্ধার করেন। অভিযানে চাঁদপুর বন বিভাগের ফরেস্টার মো. বিল্লাল হোসেন কাজীসহ অন্যান্যরা সহযোগিতা করেন।
পরিদর্শক অসিম মল্লিক বলেন, দু’টি পার্কে অনুমতি ছাড়া এসব প্রাণি প্রদর্শনীর জন্য রাখা হয়েছে মর্মে খবর পেয়ে আমরা অভিযানে আসি। এর মধ্যে ফাইভ স্টার পার্ক থেকে ১টি অজগর, ৩টি বানর এবং কৃতিকুন্থ তিয়া পার্ক থেকে ১টি অজগর, ১টি শকুন ও ২টি বানর উদ্ধার করা হয়েছে।
তিনি আরো বলেন, দু’টি পার্ক মালিককে এভাবে অনুমতি ছাড়া বন্যপ্রাণি না রাখার জন্য সতর্ক করে দেয়া হয়েছে। এসব প্রাণিগুলো গাজীপুর বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে রাখা হবে। ঐ কাজে সার্বক্ষণিক দিকনির্দেশনা প্রদান করেন বন্যপ্রাণির অপরাধ দমন ইউনিটের পরিচালক এএসএম জহির উদ্দিন আকন।
এরআগে গত ৩ এপ্রিল ফাইভ স্টার শিশু পার্কে অজগর ও বানরের যত্ন না নেয়া এবং বন্যপ্রাণি সংরক্ষণে কোন ধরনের লাইসেন্স না থাকায় মালিক পক্ষকে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ। তারপরও পার্ক কর্তৃপক্ষ প্রাণিগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করেনি।

১৬ জুন, ২০২১।