জীবন উৎসর্গকারী ২৫ পুলিশ সদস্য পরিবারের মাঝে সম্মাননা প্রদান
এস এম সোহেল
চাঁদপুরে পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী ২৫ পুলিশ সদস্য পরিবারের মাঝে সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১ মার্চ) সকাল সাড়ে ১০টায় পুলিশ লাইনসের দরবার হলে সম্মাননা প্রদান ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ।
তিনি তার বক্তব্যে বলেন, দেশের যে কোন ক্রান্তিকালে বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্যরা আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। অনেক পুলিশ সদস্য সন্ত্রাস, জঙ্গিবাদ ও আইন-শৃঙ্খলা রক্ষাকালে জীবন দিয়েছেন। দেশের জন্য তাদের মহান আত্মত্যাগ বাংলাদেশ পুলিশ শ্রদ্ধার সাথে স্মরণ করে। বর্তমান মহামারী করোনাকালে বিশ্ব যখন দিশেহারা তখন বাংলাদেশে করোনা প্রতিরোধে জনসচেতনতা তৈরি ও করোনা আক্রান্ত সাধারণ জনগণের সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ পুলিশ। করোনা মহামারীতে কর্তব্যরত অবস্থায় ১০৬ জন পুলিশ সদস্য মৃত্যুবরণ করেন।
তিনি আরো বলেন, পুলিশ বাহিনীর সদস্য হিসেবে আমি গর্ববোধ করি। এটা শুধু চাকরি নয়, এটা সেবা। করোনাকালীন যখন সন্তান তার বাবার লাশ ধরতে ভয় পেয়েছে, পুলিশ তখন এগিয়ে গিয়েছে। ৭১ থেকে করোনা পর্যন্ত আমরা অনেককে হারিয়েছি। তাদের ঋণ শোধ হবার নয়।
অতিরিক্ত পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াছির আরাফাতের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নৌ পুলিশ সুপার মো. কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার জালাল উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সিআইডি জালাল উদ্দিন আহমেদ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাধারন সম্পাদক রিয়াদ ফেরদৌস, চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং সভাপতি শেখ মনির হোসেন বাবুলসহ কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যের পরিবারবর্গ এবং চাঁদপুর জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
স্মৃতিচারণ করেন মাসুদ হোসেন মজুমদার, মরিয়ম বেগম, সাজিয়া মঞ্জু নিহা, নামিয়া মঞ্জু নুহা। পরে জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গকে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ।
অনুষ্ঠানের শুরুতে চাঁদপুর পুলিশ লাইন্স দরবার দলে নির্মিত অস্থায়ী পুলিশ স্মৃতিস্তম্ভে পুলিশ সুপার মো. মিলন মাহমুদসহ জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গ এবং পুলিশের বিভিন্ন ইউনিট পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় চাঁদপুর জেলা পুলিশের একটি চৌকস পুলিশ দল গার্ড অব অনার প্রদান করে। জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে ১ মিনিট নিরবতা পালনসহ দোয়া মোনাজাত করা হয়।
মৃত কনস্টেবল মঞ্জুরুল হাসানের মেয়ে সামিয়া মঞ্জু নিহা ও নামিয়া মঞ্জু নোহা মৃত বাবার স্মরণে স্মৃতিচারণমূলক আবৃত্তি শুনে পুলিশ সুপার মো. মিলন মাহমুদসহ অতিথিরা আবেগপ্লুত হয়ে পড়েন। বাবার স্মরণে ছোট বাচ্চা মেয়ের আবৃত্তিতে উপস্থিত প্রত্যেক পুলিশ সদস্যদের মনে বেদনাদায়ক ও শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
০২ মার্চ, ২০২২।
