ইলশেপাড় রিপোর্ট
শনিবার চাঁদপুর পৌরসভার বহুল আকাক্সিক্ষত নির্বাচন। এর মধ্যে বৃহস্পতিবার (৮ অক্টোবর) মধ্যরাত থেকে সব প্রকার প্রচার-প্রচারণা শেষ হয়ে গেছে। শেষদিনে পুরো শহর ছিলো মিছিলে-
মিছিলে একাকার। প্রচার-প্রচারণার শেষ দিন হওয়ায় পৌরসভা নির্বাচনে অংশগ্রহণকারী প্রায় সব প্রার্থী খন্ড-খন্ড মিছিল বের করে। মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা শহরের অলি-গলি থেকে শুরু করে প্রধান সড়কগুলো মিছিল করে জানান দেন পৌর নির্বাচনের খবরের।
সকালে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আক্তার হোসেন মাঝি পৌর ৭নং ওয়ার্ডে ধানের শীষ প্রতীকে মিছিল বের করে। বিকেলে শহরের বাসস্ট্যান্ড এলাকা থকে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী আলহাজ মামুনুর রশীদ বেলাল হাতপাখা প্রতীকের মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাণ বাজার বড় মসজিদ এলাকায় গিয়ে শেষ হয়। অপরদিকে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী অ্যাড. জিল্লুর রহমান জুয়েল কোন মিছিল না করলেও তার দলীয় নেতা-কর্মীরা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে খন্ড-খন্ড মিছিল বের করে।
এবারের নির্বাচনে মেয়র, কাউন্সলর ও মহিলা কাউন্সলর পদে মোট ৬৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে মেয়র প্রার্থী ৩ জন, ১৫টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ৫০ জন এবং পাঁচটি সংরক্ষিত ওয়ার্ডে মহিলা কাউন্সিলর প্রার্থী ১৪ জন। ২৫ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দের দিন থেকে সকল প্রার্থীর জমজমাট প্রচারণা চলছে। প্রতিদিন বেলা ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রচার-প্রচারণায় মুখর থাকতো পৌরসভার ১৫টি ওয়ার্ডের অলিগলি। মাইকিং, প্রার্থীদের এবং তাদের সমর্থকদের গণসংযোগে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিলো পৌর এলাকায়। গতকাল বৃহস্পতিবার মধ্যরাত থেকে সকল ধরনের প্রচার-প্রচারণা শেষ হয়ে যায়। এটি নির্বাচন কমিশনের অন্যতম আচরণবিধি। মাঝখানে রয়েছে একটি দিন। এদিন প্রার্থীরা সর্বশেষ হিসেব-নিকেশ কষবেন। সবাই নির্বাচনী বৈতরণী পার হতে নানা কৌশল নিয়ে চিন্তা-ভাবনা করবেন। তবে সব প্রার্থীই কেন্দ্রে ভোটার উপস্থিতির দিকে জোর দিয়েছেন।
নির্বাচনকে কেন্দ্র করে চাঁদপুর শহরের এবার পোস্টার কম দেখা গেলেও, প্রার্থীদের ডিজিটাল ব্যানারে ছেয়ে গেছে চাঁদপুর শহর। সমানতালে চলছে মাইকে প্রচারণা। গানের সুরে কিংবা ছন্দ মিলিয়ে প্রার্থীদের জন্য ভোট প্রার্থনা চলছিলো। প্রচার-প্রচারণার শেষ মুহূর্তে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা।
ভোটাররা বলেন, যিনি পৌরসভার নাগরিকদের সর্বোচ্চ সেবা প্রদান করতে পারবেন এ ধরনের প্রার্থীকেই আমরা নির্বাচিত করতে চাই। পৌরসভা নির্বাচনে মেয়র পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, বিএনপির মনোনীত আক্তার হোসেন মাঝি ও ইসলামী আন্দোলন মনোনীত আলহাজ মামুনুর রশীদ বেলাল মেয়র প্রার্থী হিসেবে লড়ছেন। তারা ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল আহমেদের জানান, চাঁদপুর পৌরসভা নির্বাচনের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। ভোটগ্রহণের জন্য সব ধরণের প্রস্তুতি শেষ হয়েছে। ২২ বর্গ কিলোমিটারের চাঁদপুর পৌরসভা প্রতিষ্ঠিত হয় ১৮৯৬ সালে। ইতোমধ্যে ব্যালট পেপার এবং নির্বাচনী সামগ্রী আমাদের কাছে পৌঁছে গেছে।
তিনি আরো জানান, চাঁদপুর পৌরসভা নির্বাচনে ১৫টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৫০ জন প্রার্থী এবং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ১৪ জন নারী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ১ লাখ ১৭ হাজার ১শ’ ৮৬জন।
পুলিশের পক্ষ থেকে জানা যায়, নির্বাচন সুষ্ঠু-সুন্দর করার লক্ষ্যে কেন্দ্রগুলোতে পুলিশ, আনসার, র্যাব, বিজিবি এবং ম্যাজিস্ট্রেট কাজ করবে। ফলে আশা করি নির্বাচন সুন্দর হবে।
৯ অক্টোবর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে প্রচার-প্রচারণায় মুখরিত পুরো শহর
