চাঁদপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পাবে ১ লাখ ৪৫ হাজার পরিবার

সজীব খান
চলমান করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে গত বছরের মতো এ বছরও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে চাঁদপুরে ১ লাখ ১ হাজার দরিদ্র পরিবার পাবে ‘ঈদ উপহার’। এতে উপকারভোগী প্রতি পরিবারকে ভিজিএফ’র আওতায় দেয়া হবে ৪শ’ ৫০ টাকা করে। এতে সরকারের ব্যয় হবে ৪ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকা।
অপরদিকে পবিত্র রমজান মাস উপলক্ষে কর্মহীন, অসহায়, দুস্থ ব্যক্তিদের নগদ ত্রাণ সহায়তা টাকা করে জেলার প্রতি ইউনিয়নে ৫শ’ পরিবারকে নগদ ৫শ’ টাকা করে ঈদ উপহার দেওয়া হবে। এতে সরকারের ব্যয় হবে ২ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা। মোট চাঁদপুর জেলায় সরকারের ৬ কোটি ৭৭ লাখ টাকা ব্যয় হবে।
জানা গেছে, প্রতিটি ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে ট্যাগ অফিসারের উপস্থিতিতে সরাসরি দরিদ্র পরিবারের হাতে তুলে দেওয়া হবে প্রধানমন্ত্রীর ‘ঈদ উপহার’। গত বছর ঈদে বিকাশ, রকেট, নগদ ও শিওর ক্যাশের মাধ্যমে উপকারভোগীদের কাছে সরকার টাকা পাঠায়। এ বছর তা না করে সরাসরি উপকারভোগী পরিবার হাতে ট্যাগ অফিসারের উপস্থিতিতে নগদ টাকা তুলে দেয়া হবে। যাতে প্যাকেটের উপর লেখা থাকবে প্রধানমন্ত্রীর ‘ঈদ উপহার’।
চাঁদপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. রফিকুল ইসলাম জানান, চলমান দ্বিতীয় দফার লকডাউনে অনেক দরিদ্র পরিবার নতুন করে সংকটে পড়ায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে হতদরিদ্র ও কর্মহীনদের তালিকা করে দেওয়া হবে। যা ঈদের আগের সবাই পাবে।

৫ মে, ২০২১।