স্টাফ রিপোর্টার
সারাদেশের মতো চাঁদপুরেও আগামি ৩০ একযোগে শুরু হচ্ছে এইচএসসি, মাদ্রাসা বোর্ডের আলিম ও ব্যবসায় ব্যবস্থাপনা ও ভোকেশনাল পরীক্ষা। সারাদেশের মতো এক-অভিন্ন সময় ও নিয়ম নীতিতে সকাল ১০টায় এ পরীক্ষা শুরু হবে। চাঁদপুরে এবার ২০২৪ শিক্ষাবর্ষের এইচএসসি ও সমমানের ৫৪ কেন্দ্রে অংশ নিচ্ছে ১৯ হাজার ৭শ’ ৩১ জন পরীক্ষার্থী।
সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইতোমধ্যেই প্রস্তুতি ও সরকারি দিকনিদের্শনা মতে সব নীতিমালা অনুসরণ বা মেনে চলার জন্য জেলা প্রশাসক সম্মেলন কক্ষে গত ২০ জুন জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানদের উপস্থিতিতে আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রস্তুতি ও সরকারি দিকনিদের্শনা জানানোর জন্যে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ গুরুত্বপূর্ণ সভাটি হয়। এ বছর চাঁদপুর জেলার ৮ উপজেলায় পরীক্ষার্থীর সংখ্যা এইচএসসিতে ৫৪ কেন্দ্রে এইচএসসি, আলিম, বিএম ও এইচএসসি ভোকেশনালে ২০২৪ পরীক্ষা শুরু হচ্ছে।
চাঁদপুর জেলা প্রশাসনের শিক্ষা শাখার সূত্র মতে, জেলায় এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ১৬ হাজার ১শ’ ২০ জন এবং কেন্দ্র ৩৪টি, মাদ্রাসা বোডের্র আলিম পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৫শ’ ৭৮ এবং কেন্দ্র ১১টি। ব্যবসা ব্যবস্থাপনা পরীক্ষার্থীর সংখ্যা ৯শ’ ১৭ জন ও কেন্দ্র ৭টি এবং ভোকেশনাল পরীক্ষার্থীর সংখ্যা ১১৬ জন ও কেন্দ্র ২টি।
উল্লেখ্য, দেশব্যাপী ৩০ জুন এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুজব ও নকল মুক্ত পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে ২৯ জুন থেকে ১১ আগস্ট পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।
সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এ তথ্য জানান। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের এইচএসসি/আলিম/এইচএসসি (বিএমবিএমটি) এইচএসসি (ভোকেশনাল)/ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার ৭শ’ ৯০ জন। সাধারণ শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা ৩০ জুন হতে শুরু হয়ে ১১ আগস্ট শেষ হবে। ব্যবহারিক পরীক্ষা ১২ আগস্ট হতে শুরু হয়ে ২১ আগস্ট শেষ হবে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা ৩০ জুন হতে শুরু হয়ে ১১ আগস্ট শেষ হবে। ব্যবহারিক পরীক্ষা ১২ আগস্ট হতে শুরু হয়ে ২১ আগস্ট শেষ হবে। কারিগরি বোর্ডে তত্ত্বীয় পরীক্ষা ৩০ জুন শুরু হয়ে ১৮ জুলাই শেষ হবে। ব্যবহারিক পরীক্ষা ১৯ জুলাই হতে শুরু হয়ে ৪ আগস্ট শেষ হবে।
২৭ জুন, ২০২৪।
