চাঁদপুরে প্রার্থী পরিবর্তনের ইঙ্গিত!

দ্বাদশ সংসদ নির্বাচনে ঘিরে আ.লীগে সমীকরণ

ইলশেপাড় রিপোর্ট
স্বচ্ছ ভাবমূর্তির ভিত্তিতে আগামি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী দিতে চায় আওয়ামী লীগ। এক্ষেত্রে তারুণ্যনির্ভর প্রার্থী দিতে আগ্রহী দলটি। আগামি নির্বাচনে দলটি ৪৫ থেকে ৫৫ বছরের নেতাদের অগ্রাধিকার দিবে বলে জানা গেছে। এমন গুঞ্জনে দলটির সিনিয়র সংসদ সদস্যদের মাঝে চলছে এক ধরনের দৌঁড়-ঝাঁপ।
এদিকে চাঁদপুরের ৫টি সংসদীয় আসনের মাঝে কমপক্ষে দু’টি আসনে পরিবর্তন অনেকটাই চূড়ান্ত। বাকি তিনটি আসনে বিকল্প থাকলেও সিনিয়রদের রাজনৈতিক ক্যারিয়ার ও দলের প্রতি আস্থার বিষয়টি মূল্যায়নে রাখছে দলটি। তবে শেষ পর্যন্ত তিনটি আসনেও কোন পরিবর্তন আসলে বিস্মিত হওয়ার কিছুই থাকবে না বলে জানা গেছে।
আওয়ামী লীগের কেন্দ্রিয় সূত্র বলছে, চলতি মেয়াদে বিভিন্ন এলাকায় ২০টি উপ-নির্বাচনের মধ্যে নতুনদের মধ্যে থেকে ১৮ প্রার্থীকে নতুন হিসেবে মনোনয়ন প্রদান করা হয়েছে। পাশাপাশি সদ্য শেষ হওয়া জেলা পরিষদ নির্বাচনে পুরোনো ৩২ জনকে বাদ দেয় দলটি। এমন সমীকরণে সিনিয়রদের ঘুম এখন হারাম হয়ে যাচ্ছে। অপরদিকে আগামি বছরজুড়েই চলবে নির্বাচনী উত্তাপ।
সেই সাথে আগমি ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের কেন্দ্রীয় কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে নতুন মুখ আসলে নির্বাচনী কৌশলে আনবে দলটি। এ ক্ষেত্রে সিনিয়র সংসদ সদস্যরা অনেকটাই কোনঠাসা হয়ে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে। তবে যাদের জনপ্রিয়তা তুঙ্গে তারা বহাল থাকবেন মনোনয়ন দৌঁড়ে।
ইতোমধ্যে এমন ইঙ্গিত দিয়েই গণমাধ্যমে কথা বলছেন দলটির সভাপতিমন্ডলীর সদস্য আবদুর রহমান। তিনি জানান, সব সময় আওয়ামী লীগ নির্বাচনে যোগ্য ব্যক্তিদের মনোনয়ন দিয়েছে। দুর্নীতিবাজ ও বিতর্কিতদের স্থান এ দলে নেই। আগামি জাতীয় সংসদ নির্বাচনে এর ব্যতিক্রম হবে না। যারা মানুষের জন্য, দেশের জন্য ও দলের জন্য কাজ করছেন তারা পুরস্কার পাবেন।
এদিকে চাঁদপুরের ৫টি আসনের মাঝে ফরিদগঞ্জ ও মতলব উত্তর-দক্ষিণ এই আসন দুটি নিয়ে সব সময় আওয়ামী লীগ প্রার্থী নিয়ে বেকায়দায় পড়তে হচ্ছে। কখনো স্থানীয় আবার কেন্দ্রিয় মূল্যায়নে এই দুই আসনে প্রার্থী চূড়ান্ত হয়। আবার নাটকীয়ভাবে প্রার্থী পরিবর্তন হতে দেখা যায়। এবার অনেকটাই নতুন মুখ আসার সম্ভবনার আভাস পাওয়া গেছে।
অপর তিনটি আসনের মাঝে কচুয়ায় প্রবীণ আওয়ামী লীগ সংসদ সদস্যের বিকল্প মাথায় নিয়ে দলটি নীতি-নির্ধারকরা ভাবছেন। তবে বর্তমান এই সংসদ সদস্যের ‘৯৬ সালের ভূমিকার বিষয়টি দলটি মুখ্য বিবেচনায় রেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নিবে বলে জানা গেছে।
হাজীগঞ্জ-শাহরাস্তি আসনে কতটা পরিবর্তন হবে তা দলটির বর্তমান নেতাকর্মীদের মতামতের পাশাপাশি বর্তমান সংসদ সদস্যর ব্যক্তিগত মতামতের প্রতি দলটি শ্রদ্ধানশীল বলে জানা গেছে। তবে আরো এক বছরে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি কতটা অনুকূলে থাকে তা বিবেচনায় এই আসনে বিকল্প প্রার্থীর বিষয়টি নিয়ে ভাববে দলটি।
আলোচিত আসন চাঁদপুর সদর ও হাইমচর এখানেই জেলার দলীয় রাজনীতির সমীকরণ নির্ধারণ হয়ে থাকে বলে প্রতিবারই এই আসনটি থাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে আগামি সংসদ নির্বাচনে এই আসনে পরিবর্তন আসবে কিনা তা এখনো কোন ইঙ্গিত পাওয়া যায়নি।
তবে দলটির ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত দলীয় এমপি, তাদের আত্মীয়-স্বজন ও পরিবারের সদস্য এবং অনুসারী নেতাকর্মীরা গত ১৪ বছরে কী কী করেছেন, তা দলটির জরিপ টিমের অনুসন্ধানে উঠে আসায় এ আসনের সংসদ সদস্যর অনুসারীদের মাঝে এক ধরনের নীরবতা লক্ষ্য করা গেছে।
আগামি সংসদ নির্বাচনকে নিয়ে গণভবনে সেপ্টেম্বরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইঙ্গিত দিয়ে জানিয়েছেন, ‘যে কোনো নির্বাচনে নমিনেশনে পরিবর্তন আনা খুবই স্বাভাবিক ব্যাপার। ক্ষেত্রবিশেষ আমরা অবশ্যই যাচাই করে দেখব, কার জেতার সম্ভাবনা আছে, কার নেই। কে ভোট পাবেন, কে পাবেন না।’ ইতোমধ্যে বরিশালের এমপি পঙ্কজ দেবনাথকে আওয়ামী লীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গত ২৮ অক্টোবর অনুষ্ঠিত আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে আগামি জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে শেখ হাসিনা বলেন, আগামি নির্বাচনে তিনি দলীয় প্রার্থীদের পাস করাবেন- এ ধারণা নিয়ে বসে থাকলে চলবে না। এ নির্বাচনে দলীয় প্রার্থীদের নিজের যোগ্যতায় জিতে আসতে হবে। দলের সংসদ সদস্যদের কার কী অবস্থান তা জানতে জরিপ চলছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিকে সরকারি অর্থ আত্মসাৎ, খাস জমি দখল, ঘুষ গ্রহণ, কমিশনবাজি ও চাঁদাবাজিসহ নানা দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বর্তমান সংসদের বেশ কয়েকজনের বিরুদ্ধে অনুসন্ধান চালাচ্ছে দুদক। সেদিকে এখন অনেকের নজর বলে জানা গেছে।

০৮ নভেম্বর, ২০২২।