দুর্ঘটনায় ফায়ার সার্ভিস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে
…………….জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান
শাহ আলম খান
জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান বলেছেন, যে কোন দুর্ঘটনায় ফায়ার সার্ভিস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফায়ার সার্ভিসের কাজটি খুবই ঝুঁকিপূর্ণ। এই পেশায় যারা কাজ করছেন তারা প্রতিনিয়ত নিজের জীবনের ঝুঁকি নিয়েই কাজ করতে হয়। ফায়ার সার্ভিস এণ্ড সিভিল ডিফেন্সের কাজকে আরো সহজ ও সমৃদ্ধ করার জন্য সাধারণ মানুষকে আরো সচেতন করে তুলতে হবে।
গতকাল বুধবার সকাল সাড়ে ৯টায় ফায়ার সার্ভিস এণ্ড সিভিল ডিফেন্স চাঁদপুর উত্তরের স্টেশন প্রাঙ্গণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০১৯ এর কার্যক্রম উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, মানুষ সচেতন না হলে, সে যত বড় মানেরই হোক না কেন তাকে জীবন দিতে হবে। সাধারণ মানুষের মাঝে দুর্ঘটনা প্রতিরোধে বেশি করে প্রশিক্ষণ দেয়া প্রয়োজন। এই কাজটি করার জন্য ফায়ার সার্ভিসের সাথে সংশ্লিষ্টরাসহ সবার এগিয়ে আসা উচিৎ।
তিনি আরো বলেন, দুর্যোগ মোবাবেলায় সারাদেশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগ অত্যন্ত প্রশংসনীয় স্থান পেয়েছে। এই সংস্থার প্রতিটি কর্মীর কাজের দক্ষতাই তাদের এই স্থানে নিয়ে এসেছে। মানুষ মানুষের জন্য কাজ করে। নিজের জীবন দিয়েও ফায়ার সার্ভিস কর্মীরা জনসাধারণের জানমাল রক্ষায় এগিয়ে আসেন এমন উদাহরণ রয়েছে। তাদের এই সপ্তাহব্যাপী কার্যক্রমের সফলতা কামনা করেন জেলা প্রশাসক।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, চাঁদপুর উত্তরের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্র্কেল) মো. জাহেদ পারভেজ চৌধুরী।
তিনি বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে ‘সেফটি টিপস’ নামে যে বুলিটিন প্রকাশ করা হয়েছে তা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। আল্লাহর পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সংস্থার উপরই মানুষ ভরসা করে। তারা পুলিশ বিভাগের চাইতেও অনেক ঝুঁকিপূর্ণ কাজ করে। আমার পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে আহ্বান থাকবে ফায়ার সার্ভিস কর্মীদের যেভাবে সু-সজ্জিত করা হয়েছে। তার চাইতে আরো আধুনিক ও উন্নতমানের সুযোগ-সুবিধা যাতে তাদের দেয়ার ব্যবস্থা করা হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ারম্যান খোকন মজুমদারের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শহীদ পাটওয়ারী, সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন, সিনিয়র স্টেশন অফিসার আরিফুর রহমান।
আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মো. মিজান মিয়াজী। আলোচনা সভায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিস স্টেশন থেকে একটি যান্ত্রিক র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে শেষ হয়।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের কার্যক্রম উদ্বোধন
