চাঁদপুরে বাজার মনিটরিং জোরদার অপরিহার্য

সজীব খান
পবিত্র মাহে রমজানের আর মাত্র কয়েকদিন বাকি। রমজানকে কেন্দ্র করে ক্রমশই বেড়ে চলেছে দ্রব্যমূল্য। নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে। তাই দ্রুত বাজার মনিটরিং জোরদার করার দাবি জানিয়েছেন সাধারণ জনগণ। সরেজমিনে জানা গেছে, রমজানে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশনা থাকলেও চাঁদপুরে বাজার পরিস্থিতি লাগামহীন। তাই ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরার জন্য দাবি ভুক্তভোগী জনগণের।
বিশ্বমন্দার প্রেক্ষিতে বর্তমানে একদিকে মানুষের আয় কমে গেছে। আরেক দিকে লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে নিত্যপণের মূল্য। কিছুতেই হিসাব মেলাতে পারছে না সাধারণ মানুষ। সবচেয়ে কষ্টে দিন যাচ্ছে স্বল্প ও নিম্ন আয়ের মানুষের। সামনে রমজান। তার আগেই নিত্যপণ্যের এমন মূল্যবৃদ্ধি উদ্বিগ্ন করছে সবাইকে।
আসন্ন রমজানকে ঘিরে সরকারের মনিটরিং জোরদার করা এখন সময়ের দাবি। তারা মনে করেন, বিশেষ ব্যবস্থার মাধ্যমে সামাজিক নিরাপত্তা বেষ্টনি গড়ে তুলতে হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অবশ্যই নিয়ন্ত্রণে আনতে হবে। ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এভাবে চলতে থাকলে আর উপায় থাকবে না খেটে খাওয়া মানুষদের।
সরেজমিনে দেখা গেছে, এখন নি¤œ আয়ের মানুষ ছুটে চলছে টিসিবির লাইনে। সেখানে ন্যায্যমূল্যে মালামাল পাওয়ায় মধ্যবিত্তদের পর্যন্ত মুখ ঢেকে লাইনে দাঁড়িয়ে টিসিবির মালামাল নিতে দেখা যায়। ট্র্যাকের সামনে অসংখ্য হাত বাড়িয়ে রাখছে টিসিবির পণ্যের দিকে। অল্প দামে পণ্য বিক্রির সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকের পাশে দাঁড়ালে এমন চিত্রই এখন চোখে পড়ে। ট্রাক ঘিরে যেন জনসমাবেশের মতো ভিড় জমে যায়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এ সমাগমের চিত্র এখন নিত্যদিনের।
ভুক্তভোগী সাধারণ জনগণ জানান, মানুষ যে অবস্থায় জীবনযাপন করছে, তা কষ্টের সীমা অতিক্রম করছে। বিশেষ করে যারা নিম্নবিত্ত বা দারিদ্র্যসীমার নিচে, তাদের সহনীয় মাত্রা বহু আগেই অতিক্রম করেছে। ক্রয়ক্ষমতা না থাকলে যে কোনো পর্যায়ের মানুষের জন্যই জীবনযাপন দুরূহ হয়ে পড়ে। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা ভয়াবহ পর্যায়ে নেমেছে। রমজানকে ঘিরে বড় বড় হাট বাজারগুলো মনিটরিং না করলে বাজারের সিন্ডিকেট আরও সক্রিয় হয়ে উঠবে। তাতে জনগণের নাভিশ্বাস ছাড়া কিছুই করার থাকবে না।
ভুক্তভোগী মানুষের অভিযোগ, বর্তমান বাজার পরিস্থিতি, চাল, ডাল, তেল, চিনি, মাছ, মাংসসহ সব কিছুই সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। যেভাবে হু হু করে দ্রব্যমূল্য বাড়ছে, তাতে করে সাধারণ মানুষের জনজীবন প্রতিনিয়ত বিপর্যস্ত হয়ে উঠছে। তাই বাজার মনিটরিং ব্যবস্থা চালু করার জোর দাবি জানিয়েছে ক্রেতা সাধারণ।

১১ মার্চ, ২০২৩।