স্টাফ রিপোর্টার
চাঁদপুরে টেলিভিশনের প্লাগ লাগাতে গিয়ে শহরের পুরান বাজার মোম ফ্যাক্টরী এলাকায় মো. আশিক (১১) নামে এক শিশু শিক্ষার্থীর বিদ্যুৎষ্পৃষ্টে করুণ মৃত্যু হয়েছে। সে পুরাণবাজার মোম ফ্যাক্টরীর কাপড় ব্যবসায়ী মো. খোকন মাঝির বড় ছেলে। তার মায়ের নাম মাজেদা বেগম। সে দুই ভাই-বোনের মধ্যে বড় ছিল। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সন্তানকে হারিয়ে শিশুর মা পাগলের মত হয়ে প্রলাব বকছে এবং মুর্ছা যাচ্ছে। তার বাবা গ্রামে ফেরী করে কাপড় বিক্রি করতে গিয়েছে। সে তখনো জানে না তার শিশু পুত্রের মুত্যুর খবরটি। শিশুর মৃতদেহ ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে রাতে বুঝিয়ে দেওয়া হয়েছে।
ঘটনাটি ঘটেছে বুধবার (৩০ জুন) বিকেলে পুরানবাজার পুলিশ ফাড়ির কাছে মোম ফ্যাক্টরী এলাকায়। নিহত শিশু পুরাণবাজার ২নং বালক প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির শিক্ষার্থী ছিল।
এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বাবা-মায়ের অজান্তে শিশু আশিক তাদের বাসায় থাকা টেলিভিশন দেখার জন্য টেলিভিশনের প্লাগ লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হয়। তাৎক্ষনিক তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নাজমুল হক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ জানিয়েছেন। শিশুর মৃতদেহ ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে রাতে লাশটি দিয়ে দেওয়া হয়েছে।
০১ জুলাই, ২০২১।
