হঠাৎ বাস-লঞ্চ চলাচল বন্ধ
স্টাফ রিপোর্টার
করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় কঠোর লকডাউন দেওয়ায় ৭ জেলার সাথে ঢাকার সঙ্গে সারাদেশের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ হয়ে গেছে। একই
সাথে বন্ধ হয়ে গেছে চাঁদপুর-ঢাকা ও চাঁদপুর-নারায়নগঞ্জ এর মধ্যে চলাচলকারী লঞ্চ। হঠাৎ লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে বিভিন্ন স্থান থেকে আসা শত-শত সাধারণ যাত্রীরা। কারণ দূরপাল্লার বাসও বন্ধ রয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে চাঁদপুর লঞ্চঘাটে সিডিউলে থাকা সব ধরনের লঞ্চ বন্ধ করে দিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২২ জুন) দুপুর ১টায় চাঁদপুর লঞ্চঘাটে গিয়ে দেখা যায়, ঘাটে কোন লঞ্চ নেই। ভোর ৬টার আগেই ঘাট থেকে সব লঞ্চ নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। পুরো ঘাট ফাঁকা। লঞ্চ মালিক প্রতিনিধিরা সকাল থেকে উপস্থিত থেকে বিভিন্ন উপজেলা থেকে আগত যাত্রীদের ফিরিয়ে দিতে দেখা যায়। এরপরও অনেকে লঞ্চ বন্ধের খবর না জেনে ঘাটে চলে আসেন।
মহিউদ্দিন ও আবুল হোসেন নামে দুই যুবক কচুয়া থেকে এসেছেন লঞ্চে ঢাকায় যাওয়ার উদ্দেশে। তারা বলেন, ঘাটে এসে জানতে পারি ভোর থেকে সব লঞ্চ বন্ধ রয়েছে। রাতে জানতে পেরেছি ৭ জেলায় লঞ্চ চলাচল বন্ধ। চাঁদপুর থেকে বন্ধ তা জানা ছিলো না।
ফরিদগঞ্জ থেকে আসা সাইফুল ইসলাম অনেকটা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার করোনা নিয়ন্ত্রণে লকডাউন দিবে, সমস্যা নেই। কিন্তু হঠাৎ করে লকডাউন দিলে দূরের লোকজন এসে বিপাকে পড়তে হয়। লকডাউন দিলে আগে থেকে ঘোষণা দিয়ে জানানো প্রয়োজন।
নাছরিন নামে বরিশালের এক যাত্রী বলেন, তিনি চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটে পড়েন। তিনি করোনা ভ্যাকসিন দেয়ার জন্য গত রাতে চাঁদপুরে এসেছেন। তিনি জানতেন না লঞ্চ বন্ধ। লঞ্চ না থাকায় তাই ছোট-বোনকে নিয়ে আবারও নিজ প্রতিষ্ঠানে ফিরে যাচ্ছেন।
সদর উপজেলার হরিণা ঘাট থেকে এসেছেন দুই নারী ও এক পুরুষ যাত্রী। তারা রিজার্ভ অটোরিকশা নিয়ে ঘাটে এসে লঞ্চ না পেয়ে আবার বাড়িতে ফিরে গেছেন। এভাবে দেখা যায় যাত্রী আসতে থাকে ক্রমান্বয়ে এবং ফিরেও যাচ্ছে ঘাট থেকে।
চাঁদপুর বাস স্ট্যান্ডে গিয়ে দেখা গেছে চাঁদপুর থেকে ঢাকা ও দূরপাল্লার সব বাস বন্ধ রয়েছে। বাস স্ট্যান্ডের মূল সড়কে দাঁড় করিয়ে রাখা হয়েছে বহু বাস। তবে চাঁদপুর-কুমিল্লার মধ্যে চলাচলকারী বোগদাদ ও রিলাক্স পরিবহন যথারীতি ছেড়ে যাচ্ছে।
চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা মো. কায়সার ইসলাম বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সকাল ৬টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি সোমবার রাতেই লঞ্চ মালিক কর্তৃপক্ষ পেয়েছেন। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত চাঁদপুর ও নারায়নগঞ্জের মধ্যে সকল লঞ্চ চলাচল বন্ধ থাকবে। যেসব যাত্রী ঘাটে আসছে তাদের নিরাপদে চলে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে।
২৩ জুন, ২০২১।
