চাঁদপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

স্টাফ রিপোর্টার
‘ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা’ এই প্রতিপাদ্যেকে ধারণ করে চাঁদপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ক্যাব এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মো. দাউদ হোসেন চৌধুরী।
তিনি তার বক্তব্যে বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্বন্ধে মানুষকে ধারণা দেওয়ার প্রয়োজন রয়েছে। বর্তমান সরকার সাধারণ মানুষের কথা চিন্তা করে ভোক্তা অধিকার আইন ২০০৯ প্রণয়ন করেছে। বর্তমান সরকারের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনটি সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে হওয়ায় মানুষ এটি থেকে সঠিক ধারণা পাচ্ছে।
তিনি আরো বলেন, নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রয়ের ক্ষেত্রে ব্যবসায়ীরা সরকারি প্রক্রিয়া অনুসরণ করে তাহলে এটি মানুষকে জানানোটাও ভোক্তা অধিকারের দায়িত্ব। তা না হলে মানুষের মধ্যে ভুল ধারণার কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে। এতে করে বাজারে কৃত্রিম সংকট তৈরি হবে। আর যদি প্রক্রিয়াটি যথাযথ না হয় তাহলে আপনারা আইনি প্রক্রিয়া যাবেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে এবং জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হোসেন রুবেলের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা পরিসংখ্যান বিভাগের উপ-পরিচালক নাঈমা রহমান, চাঁদপুর ক্যাবের সভাপতি মোশারফ হোসেন, চাঁদপুর চেম্বার অফ কমার্সের পরিচালক গোপাল সাহা, চাঁদপুর হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মাসুদ আখন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান আখন, বাবুরহাট বাজারের সভাপতি দেলোয়ার হোসেন খান, বিসিডিনের সহ-সভাপতি মো. হুমায়ুন কবীর খান।

১৬ মার্চ, ২০২২।