প্রতিটি গৃহহীন ও ভূমিহীন মানুষ যেন মাথা গোঁজার ঠাঁই পায়
………. মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান
স্টাফ রিপোর্টার
চাঁদপুরে ভূমিহীন ও গৃহহীনদের জন্য দ্বিতীয় দফায় লক্ষ্মীপুর ইউনিয়নে ১২টি ও বিষ্ণুপুর ইউনিয়নে ৫টিসহ মোট ১৭টি ঘরের নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। মঙ্গলবার (২৫ মে) দুপুর ২টায় লক্ষ্মীপুর ইউনিয়নের ১২টি ঘরের নির্মিত এ কাজের পরিদর্শন করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহনাজ স্মৃতি ও লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের সচিব মো. কাদির।
চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান নির্মাণ কাজ পরিদর্শন শেষে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন- এদেশের একটি মানুষও গৃহহীন থাকবে না। তাঁর এই কথা বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। প্রতিটি গৃহহীন ও ভূমিহীন মানুষ যেন মাথা গোঁজার ঠাঁই পায়,তার জন্যেই সরকার এ ধরনের পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছে। আশা করি আগের ৪০টি ঘরের পরে এই ১৭টি ঘরের কাজ অতি শীঘ্রই শেষ হয়ে যাবে। যাদের নামে এ ঘরগুলো বরাদ্দ হয়েছে তাদের আমরা ঠিকভাবেই বন্টন করে দিবো।
২৬ মে, ২০২১।
