চাঁদপুরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে সেবা ডেস্কের উদ্বোধন

দুর্ভোগ লাঘবে ভূমি ব্যবস্থাপনা ডিজিটালাইজেশন করা হয়েছে
…….জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ

স্টাফ রিপোর্টার
চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেছেন, আজ ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে এখানে সেবা ডেস্কের উদ্বোধন করা হয়েছে। এই সেবা ডেস্কে সব ধরনের সুবিধা পাওয়া যাবে। বর্তমানে সবকিছুই ডিজিটালাইজেশন হচ্ছে। এ কারণে নামজারি এখন অনলাইনে হচ্ছে। একই সাথে খাজনা দেয়ার যে বিষয়টা সেটাও অনলাইনে এখন করা সম্ভব হবে। এজন্য ভূমি মালিকদের নিকটতম যে তহশিল অফিস বা ভূমি অফিস আছে সেখানে গিয়ে তাদের এনআইডি নম্বর, মোবাইল নম্বর, জমির খতিয়ান এবং সর্বশেষ যে খাজনা দিয়েছে সে প্রমাণপত্র নিয়ে দাখিল করে এন্ট্রি করতে হবে। আর এন্ট্রি করলেই তখন ভূমি মালিকরা অনলাইনে খাজনা দিতে পারবে।
রোববার (৬ জুন) সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে তথ্য কেন্দ্র কাম-সেবা ডেস্ক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক আরো বলেন, অনলাইনে ভূমি মালিকেরা এন্ট্রি করলে নিজেরা ঘরে বসেই ভূমি সংক্রান্ত সব তথ্য পেয়ে যাবেন। এটি যাতে সহজলভ্য হয়, জনগণ যাতে হয়রানি মুক্ত হয় সেজন্যই এ অনলাইন সেবা দেয়া হচ্ছে। আমরা যতি সচেতন হই তাহলে আমরা বিভিন্ন ধরনের হয়রানি থেকে নিজের রক্ষা করতে পারবো।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দাউদ হোসেন চৌধুরী।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অসীম চন্দ্র বনিক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইমতিয়াজ হোসেন, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমিত চক্রবর্তী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হেলাল উদ্দিন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.ছামিউল ইসলাম প্রমুখ।
এসময় অনলাইনে আবেদন করা কয়েকজনকে তাদের ভূমি সংক্রান্ত কাগজপত্র হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, চাঁদপুরের ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে প্রতিটি উপজেলাতেই এ ধরনের তথ্য কেন্দ্র কাম-সেবা ডেস্ক স্থাপন করা হয়েছে।

চাঁদপুরে ভূমি সপ্তাহের জুম মিটিং

সজীব খান
চাঁদপুরে ভূমি সপ্তাহ সেবা উপলক্ষে জুম মিটিং অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। এ সময় তিনি বলেন, চাঁদপুরবাসীর সেবা দিতে এসেছি, সঠিকভাবে সেবা দেওয়াই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য। দায়িত্ব পালনে ব্যর্থতা নয়, যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারি, তাহলে জেলা প্রশাসকের পদে থাকার কোনো মানে হয় না। রোববার (৬ জুন) সকালে চাঁদপুরের বিভিন্ন শ্রেণি ও পেশার প্রতিনিধিদের সঙ্গে জুম মিটিংয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জনগণের দুর্ভোগ লাঘবে ভূমি ব্যবস্থাপনা ডিজিটালাইজেশন করেছে সরকার। ফলে তৃতীয় কোনো পক্ষ ছাড়া সরাসরি ভূমির মালিক সরকারের কাছে তার কাক্সিক্ষত সেবা নিশ্চিত করতে পারবে। এতে দুর্ভোগ, দুর্নীতি কিংবা হয়রানির কোনো সুযোগ নেই। একই সঙ্গে সরকারের যুগান্তকারী ভূমি ব্যবস্থাপনার এমন চিত্র সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দাউদ হোসেনের পরিালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি নাসির উদ্দিন আহমদ, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, অধ্যক্ষ মাও. মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, সাংবাদিক ফারুক আহম্মদ, গণি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন, আক্কাছ আলী রেলওয়ে একাডেমীর প্রধান শিক্ষক গোরফান হোসেন, মৈশাদী ইউনিয়ন পরিষদ সচিব আবু বকর মানিক প্রমুখ।
প্রায় এক ঘণ্টার এই জুম মিটিংয়ে সরকারি কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনীতিক এবং গণমাধ্যমকর্মীসহ প্রায় ৬০ জন অংশ নেন।

০৭ জুন, ২০২১।