২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত প্রয়াত রাষ্ট্রপতি ও তৎকালীন বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা, বিশিষ্ট নারী নেত্রী আইভি রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ আগস্ট) বিকাল ৫টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ।
তিনি তার বক্তব্যে বলেন, ২০০৪ সালের ২৪ আগস্ট ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান তিনি। মারা যাওয়ার তিন দিন আগে আইভি রহমান ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী শান্তি সমাবেশে গ্রেনেড হামলায় আহত হন। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়ে ২৪ আগস্ট তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি আরো বলেন, স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠী এবং উন্নয়ন ও গণতন্ত্র বিরোধী চক্র এখনও নানাভাবে সোচ্চার আছে। এই অপশক্তির যে কোনো অপতৎপরতা-ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে সব সময় প্রস্তুত থাকতে হবে। একুশে আগস্ট গ্রেনেড হামলায় দ্রুত সম্ভব ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় রায় কার্যকর হবে। এই রায় কার্যকর করার মধ্য দিয়ে দেশ থেকে হত্যা, সন্ত্রাস ও জঙ্গিবাদের চির অবসান হবে এবং বাংলাদেশ আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ-শান্তিপূর্ণ আবাসভূমিতে পরিণত হবে।
তিনি ২১ আগস্টের সব শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং আহতদের প্রতি গভীর সমবেদনা জানান।
আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটোয়ারী দুলাল।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সম্পাদক মনজুর আহমেদ মঞ্জু, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া ও সদস্য অরূপ কর্মকার।
চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রেবেকা সুলতানা বকুলের সভাপতিত্বে এবং মহিলা আওয়ামী লীগ নেত্রী রেনু বেগমের পরিচালনায় বক্তব্য রাখেন পান্না বেগম, নার্গিস বেগম, আমেনা বেগম, শাহিনুর বেগম, লতা আক্তার, আফসানা বেগম তাসলিমা বেগম, জরিনা বেগম, স্বপ্না আক্তার।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ মো. আলমগীর হোসাইন।
২৪ আগস্ট, ২০২২।

