চাঁদপুরে মৎস্য সপ্তাহের উদ্বোধন ও পুরস্কার বিতরণ

মাছ চাষের মাধ্যমে বেকারত্ব দূর করতে হবে
……….অতিরিক্ত জেলা প্রশাসক নাসির উদ্দিন সরওয়ার

স্টাফ রিপোর্টার
‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এ স্লোগানকে ধারণ করে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ আগস্ট) সকালে চাঁদপুর জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক নাসির উদ্দিন সরওয়ার।
তিনি তার বক্তব্যে বলেন, আমাদের চাহিদা অসীম, যেহেতু আমরা অনেক লোক সেই ক্ষেত্রে আমাদের এই আমিষের চাহিদা পূরণ করতে হবে। আমরা জানি সারাবিশ্বে মিঠা পানির মাছ উৎপাদনে আমরা তৃতীয় স্থানে আছি। মৎস্যচাষি, জেলা মৎস্য কর্মকর্তা ও সবার সমন্বিত প্রচেষ্টায় আমরা বিশ্বে তৃতীয় স্থান লাভ করেছি। আমিষের চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছি। আমাদের আজকের মূল বিষয় হলো ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি।’ সবকিছু সরকারের একার পক্ষে সমাধান দেওয়া সম্ভব হবে না। বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে। উদ্যোক্তা সৃষ্টি করতে হবে। উদ্যোক্তারা নিজের দক্ষতার মাধ্যমে তারা কর্মসৃজন করবে। সে ক্ষেত্রে আরো কিছু পরিবার সচ্ছল হয়ে যাবে। সরকারের পাশাপাশি বেসরকারি অংশীদারিত্ব প্রয়োজন। সরকারের একার পক্ষে বাংলাদেশকে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যাওয়া সম্ভব নয়। সে ক্ষেত্রে আমাদের যেসব উদ্যোক্তারা আছেন বিভিন্ন সেক্টরে তারা অবশ্যই কাজ করতে হবে।
তিনি আরো বলেন, আমাদের বেকারত্ব সমস্যা দূর করতে হবে। এক্ষেত্রে আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আমাদের চাঁদপুর জেলার একটা সুনাম রয়েছে, ইলিশের বাড়ি চাঁদপুর। সেই সুনাম আমাদের ধরে রাখতে হবে। এক্ষেত্রে আমাদের মা ইলিশ রক্ষা এবং জাটকা নিধন যেন না হয়। জেলা প্রশাসন, পুলিশ, কোস্টগার্ড ও মৎস্য কর্মকর্তা আমরা একযোগে কাজ করে থাকি। এজন্য জেলে ভাইদের বলছি, যে সময় সরকার ঘোষিত মাছ ধরা বন্ধ থাকে সে সময় আপনারা মাছ ধরবেন না। দেশের সম্পদ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।
জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসানের সভাপতিত্বে এবং সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রশিদের পরিচালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশা, কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেনেন্ট এম সাদিক হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, মৎস্য উদ্যোক্তা সামিয়া রহমান, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্য প্রমুখ।
অনুষ্ঠান শেষে ৪ ক্যাটাগরিতে চারটি প্রতিষ্ঠান ও ব্যক্তিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মৎস্যজীবী নেতা মুক্তিযোদ্ধা আব্দুল মালেক দেওয়ান, কান্ট্রি ফিশিং বোর্ড মালিক সমিতির সভাপতি শাহ আলম মল্লিক ও তছলিম বেপারীসহ আরো অনেকে।
৩০ আগস্ট, ২০২১।