চাঁদপুরে লকডাউন মানছেন না অনেকে

স্টাফ রিপোর্টার
প্রাণঘাতি করোনাভাইরাসের বিস্তার রোধে দেশের বিভিন্ন স্থানের মতো চাঁদপুরেও লকডাউন করেছে স্থানীয় প্রশাসন। তবে বেশিরভাগ এলাকাতেই তা মানছেন না সাধারণ মানুষ। অন্যান্য সময়ের মতোই তারা ঘর থেকে বের হচ্ছেন এবং ঘুড়ে বেড়াচ্ছেন। সেনাবাহিনী ও আইন-শৃঙ্খলা বাহিনী টহলে আসলে কিছুটা ফাঁকা হলেও তারা সরে গেলে ওই এলাকা আগের অবস্থায় ফিরে যায়।
লকডাউন না মেনে ঘরের বাইরে ঘোরাফেরা করছে মানুষ। বাজারে ও ওষুধ দোকানের পাশাপাশি অন্যান্য দোকানের একাংশ খুলে বেচাকেনা চলছে দেদারছে। উপজেলা, থানা প্রশাসন ও সেনাবাহিনীর টহল চলাকালীন সময় দোকানপাট বন্ধ থাকলেও কিছুক্ষণ পরে আগের অবস্থায় ফিরছে দোকানগুলো।
এদিকে চাঁদপুরে অনির্দিষ্টকালের লকডাউনে জনজীবন থমকে গেছে। বেশিরভাগ খেটে খাওয়া অসহায় মানুষজন কষ্ট পচ্ছে। একমাত্র পেটের দায়েই রাস্তায় নেমেছে বলে জানান তারা। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে স্কুল-কলেজ, অফিস-আদালত বন্ধ করে সাধারণ ছুটি ঘোষণার পর সবাইকে ঘরের ভেতরে থাকার আহ্বান জানিয়েছিলো সরকার। যার জন্য ওই সব স্থানগুলোতে কাজ করতে পারছে কেউ। ফেলে এই লকডাউনের কারণে বিপদে পড়েছে নিম্ন আয়ের মানুষেরা। যাদের প্রতিদিনের আয়ের ওপর নির্ভর করতে হয়।
চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল্লাহ আল মাহমুদ জামান জানান, দেশে করোনাভাইরাস ভয়াবহ আকার ধারণ করছে। মানুষ যদি নিজেরা সচেতন না হয়ে নিজেদের জীবন ঝুঁকির মধ্যে রাখে তাহলে তাদের কিভাবে বুজানো যাবে। আমরা কঠোর হবো, কিন্তু জনগণ সচেতন হবে না- তাতে কোন কাজে আসবে না। তাই সবাইকে সচেতন হতে হবে।

১৬ এপ্রিল, ২০২০।