লঞ্চ ও ট্রলার জব্দ করে তদন্ত চলছে

স্টাফ রিপোর্টার
চাঁদপুর নৌ-সীমানার মেঘনা নদীতে স্বপ্নদ্বীপ যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় মালবাহী ট্রলারে থাকা শ্রমিকের করুণ মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাতে মতলব উত্তর উপজেলার ষাটনল ও গজারিয়ার মধ্যবর্তী স্থানে মেঘনা নদীতে। নৌ-পুলিশ যাত্রীবাহী লঞ্চ ও ট্রলাটি জব্দ করে ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত করছে বলে পুলিশ জানান।
প্রত্যক্ষদর্শী যাত্রী শিমুল জানান, মতলব উত্তর উপজেলার ষাটনল ও গজারিয়ার মধ্যবর্তী স্থানে মেঘনা নদীতে মালবাহী ট্রলারটি আসলে বরিশালগামী স্বপ্নদ্বীপ যাত্রীবাহী লঞ্চটি পিছনদিক থেকে দ্রুতগতিতে এসে সজোরে ধাক্কা মারে। এ সময় মালবাহী ট্রলারের পিছনে রান্না করা অবস্থায় থাকা কবির হোসেনের (৪৫) ঘটনাস্থলেই মৃত্যু হয়। নিহত কবির হোসেন মতলব উত্তর থানা ফরাজীকান্দি হাজীপুর গ্রামের গোলাম নবী হাজরার ছেলে।
কবির হোসেনকে তাৎক্ষণিক চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পুলিশ হাসপাতাল থেকে সুরতহাল করে ময়নাতদন্তের পর তার লাশ চাঁদপুর মডেল থানা থেকে নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করে।
পুলিশ সূত্রে জানা যায়, কবির হোসেন দীর্ঘদিন যাবৎ মালবাহী ট্রলারে শ্রমিক হিসেবে কাজ করে আসছিল। গত বৃহস্পতিবার ঢাকা থেকে মালামাল নিয়ে চাঁদপুরের উদ্দেশে রওয়ানা হয়। এ সময় লঞ্চটি ষাটনল ও গজারিয়া নামক স্থানে মেঘনা নদীতে আসলে দ্রুতগতিতে আসা স্বপ্নদ্বীপ যাত্রীবাহী লঞ্চটি পিছন দিয়ে এসে এ ঘটনা ঘটায়।
নৌ পুলিশ ঘটনাস্থল থেকে কবির হোসেনকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। এ সময় হাসপাতালের আরএমও ডা. রুবেল জানান, কবির হোসেনকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে চাঁদপুর নৌ-থানার অফিসার ইনচার্জ মো. জাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা হয়েছে। মালবাহী ট্রলার ও যাত্রীবাহী লঞ্চের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।
