চাঁদপুরে লঞ্চ থেকে ১৫ মণ পাঙ্গাশের পোনা জব্দ

স্টাফ রিপোর্টার
চাঁদপুর কোস্টগার্ড স্টেশনের অভিযান চালিয়ে দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা ঢাকাগামী এমভি ফারহান-৪ লঞ্চ থেকে ৬শ’ কেজি (১৫ মণ) পাঙ্গাশের পোনা জব্দ করেছে। রোববার (২০ জুন) দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে শনিবার দিনগত রাতে চাঁদপুর মেঘনা মোহনায় অভিযান চারিয়ে এসব পাঙ্গাশের পোনা জব্দ করেন।
লে. কমান্ডার আমিরুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন কমান্ডার চাঁদপুর লে. এম সাদিক হোসেনের নেতৃত্বে চাঁদপুর মোহনা সংলগ্ন এলাকায় হাতিয়া থেকে ঢাকাগামী এমভি ফারহান-৪ লঞ্চে অভিযান পরিচালনা করে আনুমানিক ৬শ’ কেজি পাঙ্গাশ মাছের পোনা জব্দ করা হয়। এসময় পাঙ্গাশ মাছের পোনার প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে রোববার দুপুরে পাঙ্গাশ মাছের পোনা কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে স্থানীয় এতিমখানা ও গরিবদের মাঝে বিতরণ করা হয়।
তিনি আরো বলেন, বাংলাদেশ কোস্টগার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণের পাশাপাশি অবৈধ মৎস্য আহরণ নিষিদ্ধকরণের লক্ষ্যে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।
অভিযানে চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল বাকী উপস্থিত ছিলেন। তিনি বলেন, পদ্মা ও মেঘনার নদীর মেহনা দেশী পাঙ্গাশের প্রজনন কেন্দ্র, কিছু অসাধু জেলেরা বড় বড় চাই দিয়ে দেশী পাঙ্গাশ মাছের পোনা নষ্ট করে থাকে। অসাধু জেলেরা যাতে অবৈধভাবে মাছের পোনা নষ্ট করতে না পারে এ ব্যাপারে মৎস্য অধিদপ্তর, জেলা প্রশাসন, কোস্টগার্ড, নৌ-পুলিশসহ অন্যান্য জনপ্রতিনিধিদের প্রচেষ্টা অব্যাহত আছে বলে জানান তিনি।

২১ জুন, ২০২১।