স্টাফ রিপোর্টার
চাঁদপুরে লবি রহমান কুকিং ফাউন্ডেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৫ অক্টোবর রাতে শহরের রসুই ঘর চাইনিজ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এ সভার আয়োজন করা হয়।
সংগঠনের প্রেসিডেন্ট শারমিন আক্তার জুঁই-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাহিত্য একাডেমীর মহাপরিচালক ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটা. কাজী শাহাদাত।
সংগঠনের উপদেষ্টা আশিক খানের সঞ্চালনায় পরিচিতি সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও চাঁদপুর রোটারী ক্লাবের প্রেসিডেন্ট রোটা. শাহেদুল হক মোর্শেদ, বিশিষ্ট কবি ও লেখক রোটা. ডা. পীযূষ কান্তি বড়ুয়া, বঙ্গবন্ধু কবিতা আবৃত্তি পরিষদের সভানেত্রী মুক্তা পীযুষ, চাঁদপুর উইমেন চেম্বারের প্রেসিডেন্ট মুনিরা আক্তার, ইনার হুইল ক্লাব অব চাঁদপুরের প্রেসিডেন্ট মাহমুদা খানম, অবসরপ্রাপ্ত শিক্ষিকা ও ইনার হুইল ক্লাব অব চাঁদপুরের ভাইস প্রেসিডেন্ট রওশন আক্তার, সমাজসেবিকা নিনুফা ইয়াছমিন প্রমুখ।
পরিচিতি সভা শেষে সংগঠনের সকল সদস্যরা কেক কেটে চাঁদপুরে সংগঠনের আনুষ্ঠানিকতা শুরু করেন।
অনুষ্ঠানে বক্তারা সংগঠনের কর্ণধার শারমিন আক্তার জুঁইয়ের ভুয়সী প্রশংসা করে বলেন, ছোটবেলা থেকেই সংগঠনের সভানেত্রী সাংস্কৃতিমনা, ছাত্রজীবনে শিশু সংগঠন করে সে বিদেশ সফরে যায়। তাছাড়া সব সময় ভিন্নধর্মী চিন্তা চেতনায় তিনি বিশ্বাসী। চাঁদপুরের মেয়ে হিসেবে জুঁই বাবা ও স্বামীর দিক দিয়ে অর্থাৎ উভয়ই দিকে সে স্বাবলম্বী। তাই চাঁদপুরের অসহায় নারীদের জন্য শুধু ব্যক্তিগত এবং সমষ্টিগতভাবে তিনি কিছু করার জন্য সংগঠনের মাধ্যমে এই উদ্যোগকে স্বাগত জানাই। তারা সংগঠনের সভানেত্রী ও সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
উল্লেখ্য, পরিচিতি সভায় সংগঠনের ভাইস প্রেসিডেন্ট তানজিয়া রশীদ, সেক্রেটারী তানিয়া খান, জয়েন্ট সেক্রেটারি নীলা রহমান ও কোষাধ্যক্ষ তানজিলা আক্তার যুথীসহ চাঁদপুরের বিভিন্ন পর্যায়ের সামাজিক ও সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে, গত ৬ অক্টোবর চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আয়োজিত ইলিশ উৎসবে লবি রহমান কুকিং ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার প্রেসিডেন্ট শারমিন আক্তার জুঁইকে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে নারী উদ্যোক্তা হিসাবে শারমিন আক্তার জুঁই-এর হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
শারমিন আক্তার জুই তার বক্তব্যে বলেন, ‘লবি রহমান কুকিং ফাউন্ডেশন’ একটি সরকারি রেজিস্টার্ড ফাউন্ডেশন। এটি একটি অলাভজনক ফাউন্ডেশন। কিন্তু এখান থেকে অনেকেই নিজের কুকিং প্রতিভা বিকাশ করে আজ দেশের অনেক রেস্টুরেন্টে কর্মরত। এই ফাউন্ডেশন নিয়ে বিগত ১ যুগ পার করে এসেছেন লবি আপা। এখন বিভিন্ন জেলায় ওনার সহযোদ্ধাদের নিয়ে উনি এগিয়ে যাচ্ছেন। এখানে কাজ করা হয় সুবিধাবঞ্চিত নারীদের নিয়ে। এই ফাউন্ডেশানের মূল উদ্দেশ্যই হচ্ছে কুকিং জানা নারীদের নিয়ে এগিয়ে যাওয়া।
জুঁই চতুরঙ্গ ইলিশ উৎসবের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেন, একজন নারী উদ্যোক্তা হিসেবে আমাকে যে সম্মাননা দিয়েছেন, তাতে সত্যিই আমার কাজের গতি বাড়িয়ে দিয়েছে। তিনি আরও বলেন, লবি রহমান কুকিং ফাউন্ডেশনের প্রেসিডেন্ট হিসেবে আমি চাঁদপুরের রন্ধনশিল্পে পারদর্শী নারীদের সাবলম্বী করতে সর্বদা কাজ করে যাবো। চাঁদপুরের বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্টের জন্য অন্য জেলা থেকে সেফ আনতে হয়। চাঁদপুরের নারীদের প্রশিক্ষণ দিয়ে যোগ্য সেফ হিসেবে তৈরি করা হবে।
১২ অক্টোবর, ২০২১।
