স্টাফ রিপোর্টার
লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালী ও লায়ন্স ক্লাব ইন্টারন্যাশানাল জেলা-৩১৫ বি-৩ এর উদ্যোগে অসহায় কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) চাঁদপুর শহরের পুরাণবাজার হরিসভা এলাকায় ও প্রেসক্লাব মাঠে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। চাল, ডাল, আটা, তেল, চিনি, লবণ, মুড়ি, আলু ও পেঁয়াজ প্যাকেটকৃত ত্রাণ সামগ্রী বিতরণ শেষে লায়ন্স ক্লাবের নেতৃবৃন্দ চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে সৌজন্য সভায় মিলিত হন।
এসময় জেলা গভর্নর লায়ন এএইচএম জহিরুল ইসলাম ত্রাণ কাজে সহায়তার জন্য প্রেসক্লাব নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপনপূর্বক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালী অত্যন্ত সুসংগঠিত একটি সেবামূলক সংগঠন। এ ক্লাবের সব সদস্যই সেবার মনোভাব নিয়ে কাজ করে যাচ্ছেন। ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য কাজী মাহবুবুল হকও ছিলেন একজন উদার মনের মানুষ। তিনি চেয়েছিলেন করোনাকালীন সবাইকে নিয়ে ব্যাপকভাবে ত্রাণ কার্যক্রম চালানোর জন্য। কিন্তু তার সে ইচ্ছা পূরণ হলো না। এর আগেই তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। আমরা তার রুহের মাগফেরাত কামনা করছি, আল্লাহ পাক যেন তাকে বেহেশত নসীব করেন।
তিনি আরো বলেন, লায়ন্স ক্লাব একটি সেবামূলক সংগঠন। সংগঠনটির সেবামূলক কার্যক্রমে আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। সবার সহযোগিতার মাধ্যমেই আমরা সমাজে অনেক ভালো কাজ করতে সক্ষম হবো।
লায়ন সাকী কাওসারের পরিচালনায় বক্তব্য রাখেন লায়ন আলহাজ আব্দুল হক, চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিনমিলন, সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালীর পাস্ট প্রেসিডেন্ট আলহাজ মোস্তাক হায়দার চৌধুরী। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন লায়ন ওয়াহিদুর রহমান আজাদ, লায়ন সামছুল আলম খোকন পিডিজি, লায়ন শামীম রেজা, লায়ন জিকরুল আহসান প্রমুখ।
সংক্ষিপ্ত আলোচনা পর্ব শেষে মরহুম কাজী মাহবুবুল হকের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গাছতলা দরবার শরীফের পীর খাজা আরিফুর রহমান তাহেরী। পরে লায়ন নেতৃবৃন্দ কাজী মাহবুবুল হকের গ্রামের বাড়ি তরপুরচন্ডী কাজী বাড়ি যান এবং মরহুমের কবর জিয়ারতপূর্বক দোয়া অনুষ্ঠানে যোগদান করেন।
৪ অক্টোবর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে লায়ন্স ক্লাবের ত্রাণ বিতরণ
