এস এম সোহেল
চাঁদপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও চাঁদপুর-হাইমচরের দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে চাল বিতরণ করা হয়। মঙ্গলবার (২৭ জুন) সকালে চাঁদপুর সদর উপজেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
তিনি তাঁর বক্তব্যে বলেন, রাব্বুল আলামিন চান আমরা দেশের মানুষ যেন আরো ভালো থাকি, দেশটা যেন সুন্দর হয়।সেটা করবার জন্য সামনে একটা নির্বাচন আসছে। জনগণ আরো ভালো থাকার জন্য তারা আবারো নৌকায় ভোট দেবে। জাতির পিতা বঙ্গবন্ধু আমাদেরকে সোনার বাংলাদেশ দিয়ে গেছেন। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়বার জন্য কাজ করছেন। আগামি দিনে আমাদের শিক্ষার্থীরাই হবেন বাংলাদেশের স্মার্ট নাগরিক। এজন্য তাদের দক্ষ করে তোলার জন্য নতুন শিক্ষাক্রম চালু করা হয়েছে। তারা আনন্দের সাথে বিজ্ঞান প্রযুক্তিতে উদ্ভাবন করে করে শিখছে।
তিনি আরো বলেন, শেখ হাসিনা ও তাঁর সরকার সব সময় জনগণের পাশে আছে। বাংলাদেশে এখন এমন কেউ নেই যে না খেয়ে মরছে। সবার পেটে খাবার আছে। প্রত্যেকটা মানুষ খেয়ে-পরে বাঁচতে পারছে। মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। অতিদরিদ্রদের জন্য অনেক কিছুই করছে। যাদের ঘর নাই জায়গা নাই সরকার তাদের মাথা গোঁজার জন্য ঘর নির্মাণ করে দিচ্ছেন। ঘরে ঘরে বিদ্যুৎ পাচ্ছে। স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা, রাস্তাঘাট, বিজ্ঞান প্রযুক্তিতে এই যে বিশাল উন্নতি হয়েছে তার সব কিছুতেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সততা, সাহসিকতা, দৃঢ়তা ও দেশের প্রতি ভালোবাসায় দেশটাকে সঠিক পথে চালাচ্ছেন বলেই আজ আমাদের দেশটা অনেক এগিয়ে গেছে।
তিনি বলেন, আমরা চাই দেশটা আরো ভালো চলুক, আজকে হজের দিন আমরা সবাই শেখ হাসিনার জন্য দোয়া করবো, আমাদের দেশটা যেন আরো ভালো থাকে সুন্দর হয়।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আগামি দিনে তারাই হবেন আমাদের স্মার্ট নাগরিক। এজন্য তাদের সৎ, সহমর্মিতা, পরম সহিষ্ণুতা, অসাম্প্রদায়িক ও মানবিক হতে হবে।
চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ নূরুল ইসলাম নাজিম দেওয়ানের সভাপতিত্বে এবং উপজেলার নির্বাহী অফিসার সানজিদা শাহনাজের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, আবিদা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হেদায়েত উল্লাহ, পিপি অ্যাড. রনজিত রায় চৌধুরী, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যাপক মোশাররফ হোসেন, সদর মডেল থানার ওসি মো. শেখ মহসীন আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. রফিকুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপিকা মাসুদা নূর খান, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুলসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক, শিক্ষার্থী ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
এদিন মন্ত্রী চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৭৩ জন শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন। এরপর তিনি চাঁদপুর ও হাইমচর উপজেলার ১০০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে চাল বিতরণ করেন।
২৮ জুন, ২০২৩।
