চাঁদপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

প্রয়োজনে ১টি গাছ কাটলে ৩টি গাছ লাগাতে হবে
……জেলা প্রশাসক কামরুল হাসান

স্টাফ রিপোর্টার
‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে চাঁদপুরে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন হয়েছে। শনিবার (১৩ জুলাই) সকালে শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান।
তিনি তার বক্তব্যে বলেন, গাছ আমাদের পরম বন্ধু। একজন বক্তা বলেছেন- তিনি হাসপাতালে চিকিৎসাধীন থেকে অক্সিজেনের অনেক বিল দিয়েছেন। তিনি কান্না করেছেন- এতোদিন প্রকৃতির কাছ থেকে যে অক্সিজেন নিয়েছেন তার বিল তো সারা জীবনের উপার্জিত অর্থ দিয়েও পরিশোধ করতে পারবেন না। আমরা বছরের পর বছর গাছ থেকে অক্সিজেন নিচ্ছি তার জন্য কাউকে বিল পরিশোধ করছি না।
তিনি আরো বলেন, আমরা যা করছি বায়ূমণ্ডল থেকে অক্সিজেন ধ্বংস করছি। আমরা সুযোগ পেলেই গাছ কেটে ফেলি। প্রয়োজনে গাছ কাটবো। তবে একটি গাছ কেটে তিনটি গাছ লাগাতে হবে। তোমরা যারা শিক্ষার্থী আছো তোমাদের মতো আমি যখন শিক্ষার্থী ছিলাম তখন শুনেছি বাংলাদেশের আয়তনের ২৫ শতাংশ বন ভূমি থাকা প্রয়োজন। ৩০ বছর পরও এখন আছে মাত্র ১৬ শতাংশ। বাকি ৯ শতাংশ নেই। আমাদের দেশে কোনো কোনো জেলায় বনায়ন বেশি, আবার কোনো কোনো জেলায় কম। এখানে কি সুন্দর আম। দেখলে মনে হয় যেন প্রকৃতির নিজ হাতে তৈরি। আমাদের দেশে কৃষিতে বিপ্লব ঘটেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের স্টলে ৬০ রকমের ফল রয়েছে। তার মধ্যে ১৩ রকমের আম। আমাদের দেশের যে বৈচিত্র, আমাদের দেশীয় যে গাছ আছে সেগুলো আমাদের সংরক্ষণ করতে হবে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, এখন বর্ষা মৌসুম এখনই গাছ লাগানোর প্রকৃত মৌসুম। তোমরা তোমাদের বাড়ির আঙ্গিনায় কমপক্ষে ২টি করে গাছ লাগাবে। গাছগুলোর সঠিক পরিচর্যা করবে, গাছগুলো যেন তোমার সাথে বেড়ে উঠে। তুমি যতদিন বেঁচে থাকবে গাছগুলোও ততদিন বেঁচে থাকবে। কিছু গাছ আছে অনেক দাম, ফলজ ও বনজ গাছ আছে দাম কম তোমরা সেগুলো লাগাবে। গাছগুলো নিয়ে সাথে সাথে নয়, প্রথমে গর্ত করে তাতে জৈব বা কম্পোজ সার দিয়ে রাখবে, তারপর গাছ লাগাবে। তোমরা যদি মনে করো গাছ আমাদের প্রকৃতির বন্ধু, আমাদের বন্ধু- তাহলে গাছ লাগাবে। তবেই প্রকৃতির কিছু ঋণ পরিশোধ হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ্ত রায়, কুমিল্লা বন বিভাগের বন কর্মকর্তা জি এম মোহাম্মদ কবির ও জেলা কৃষি কর্মকর্তা ড. সাফায়াত আহমেদ সিদ্দিকী।
শিক্ষক জাহিদ হাসানের পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক হাসান ইমাম বাদশা, সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি এমপির চাঁদপুরস্থ প্রতিনিধি অ্যাড. সাইফুদ্দিন বাবু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, বন বিভাগের কর্মকর্তা তাজুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মো. ইব্রাহিম হোসেন ও গীতা পাঠ করেন চন্দনাথ দাস।
উল্লেখ্য, চাঁদপুর হাসান আলী মাঠে সপ্তাহব্যাপী মেলায় মোট ২১টি স্টল স্থান পেয়েছে।

১৪ জুলাই, ২০২৪।