স্টাফ রিপোর্টার
সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মানবিক মানুষ, এটা তিনি বার-বার প্রমাণ করেছেন। তিনি জনমানুষের পাশাপাশি নেতাকর্মীদেরও সেবা করে যাচ্ছেন। যা বিশ্বের মধ্যে একজন প্রধানমন্ত্রীর এই কার্যক্রম বিরল। তিনি সারাদেশে দুঃস্থ ও অসহায় মানুষদের সহায়তা দিয়ে থাকেন। এতে করে তিনি মানুষের অন্তরের অন্তরস্থলে জায়গা করে নিয়েছেন। সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।
শনিবার (১৫ জুন) সকালে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলসহ চিকিৎসার আর্থিক সাহায্যের চেক ও ফ্যামিলি কিট বক্স এবং ট্রাই সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলে।
ডা. দীপু মনি আরো বলেন, আমরা চাঁদপুরকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত করতে চাই। প্রত্যেককে যার যার অবস্থান থেকে পাড়া মহল্লায় কোথাও যেন এসব না থাকে নজর রাখবেন। এসব কাজে যাতে কেউ জড়িত না হয় আপনারা নিবৃত্ত করার চেষ্টা করবেন, প্রশাসন আপনাদের সহযোগিতা করবে। যাতে এই সর্বনাশা পদ থেকে আমাদের কিশোর-তরুণদের মুক্ত করে নিয়ে আসতে পারি। মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, নারী নির্যাতন ও জঙ্গিবাদ- এইসব বিষয়ে আমার শতভাগ জিরো টলারেন্স। সে যেই হোক এসবের ছাড় দেওয়ার কোন সুযোগ নেই।
তিনি আরো বলেন, শেখ হাসিনা সরকার চায় যে, দেশটা এগিয়ে যাবে। কোন একটা মানুষও পিছিয়ে থাকবে না। সেজন্য শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও বিদ্যুৎ- প্রতিটি ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন হয়েছে।
জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে এবং জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক ফিরোজ আহমেদ ও সাংবাদিক এমআর ইসলাম বাবুর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. মো. জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাড. হুমায়ুন কবির সুমন, জেলা সমাজসেবা কর্মকর্তা নজরুল ইসলাম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক হাসান ইমাম বাদশা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী, সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান নুরুল হায়দার সংগ্রাম, মহিলা ভাইস চেয়ারম্যান রেবেকা সুলতানা মুন্না, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মো. মোতালেব ও আতাউর রহমান পারভেজসহ অনুষ্ঠান সংশ্লিষ্ট কর্মকর্তা, সুবিধাভোগী পরিবারের সদস্যরা এবং আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
এদিন মন্ত্রী একই স্থানে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ক্যান্সার, কিডনী, লিভার, সিরোসিস, জন্মগত হৃদরোগ, স্ট্রোকে, প্যারালাইজড, থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহয়তা কর্মসূচির আওতায় ৩য় ও ৪র্থ কিস্তির জন্য মোট ২৫৬ জন রোগীকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৫০ হাজার টাকা হারে মোট ১ কোটি ২৮ লাখ টাকা আর্থিক অনুদানের চেক বিতরণ করেন। পরে বিতরণ করেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে আর্থিক সাহায্যের চেক। এরপর বিতরণ করেন সুবিধাবঞ্চিত প্রতিবন্ধী ও ঝরে পড়া শিশুদের মাঝে ইউনিসেফ হতে প্রাপ্ত ফ্যামিলি কিট বক্স এবং প্রতিবন্ধী ১০ জনের মাঝে ট্রাই সাইকেল।
১৬ জুন, ২০২৪।
