সজীব খান
চাঁদপুরে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে অবৈধভাবে গড়ে উঠা ব্যবসা প্রতিষ্ঠানসহ অন্যান্য স্থাপনা উচ্ছেদের পর আবারও দখলের চেষ্টা করা হচ্ছে। যার যার দখলীয় ভূমি ফের দখলের জন্য কাঠ-বাঁশ দিয়ে মেরামত করতে দেখা গেছে। অনেকে আবার দখল করে ভ্রাম্যমাণভাবে ব্যবসা করে চলছে। দখলকৃত স্থানে প্লাস্টিক দিয়ে, চাল-বেড়া দিয়ে ব্যবসা অব্যাহত রেখেছে।
চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত চক্রবর্তী গত ১৫ এপ্রিল সকাল থেকে দিনব্যাপী সড়ক ও জনপথ চাঁদপুরের উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। শহরের ওয়্যারলেস মোড় থেকে শুরু করে বাবুরহাট বাজারের একাংশ পর্যন্ত ২ শতাধিক অবৈধভাবে গড়ে উঠা ব্যবসা ও অন্যান্য প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়।
অভিযোগ উঠেছে সড়ক ও জনপথের সম্পত্তিতে অবৈধভাবে দখল কিছু প্রভাবশালী দখল করে মাসিক ভাড়া দিয়ে যাচ্ছে। এতে করে সরকারি সম্পত্তি তাদের দখলে থাকছে, মাসিক ভাড়া পাচ্ছে, সরকার রাজস্ব হারাচ্ছে।
১৯ এপ্রিল, ২০২১।
