স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের পুরাণবাজার এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পথচারী শামিম হত্যা মামলার এজহারভুক্ত আসামি হেলাল ফরাজী (২৮) কে ১৫ বোতল ফেন্সিডিলসহ আটক করেছে পুলিশ। বুধবার (২৬ অক্টোবর) ভোরে শহরের ওয়ারলেস এলাকা থেকে চাঁদপুর সদর মডেল থানার এএসআই মোহাম্মদ শহীদ উল্ল্যাহ ও হেলাল উদ্দিন তাকে আটক করে থানায় নিয়ে আসেন।
চাঁদপুর সদর মডেল থানার এএসআই মোহাম্মদ শহীদ উল্ল্যাহ ও হেলাল উদ্দিন জানান, আটক হেলাল ফরাজী চাঁদপুরের একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানার ওসির নির্দেশনায় ভোররাতে শহরের ওয়ালেস এলাকা থেকে ১৫ পিস ফেন্সিডিলসহ হেলালকে আটক করা হয়।
পুলিশ আরও জানায়, মাদক ব্যবসায়ী হেলালকে আটক করার পর সরকার দলীয় ছত্রছায়ায় থাকা এক নেতা তাকে ছেড়ে দেওয়ার জন্য হুমকি-ধমকি দেয়। তার বিরুদ্ধে মাদক মামলা দায়ের পর গতকাল বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, চাঁদপুরের শহরের পুরাণবাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পথচারী শামিম নিহত হয়। তবে এর মূল কারণ হলো মাদক-কেনা বেচা। গত জুন মাসে হেলালের ছোট ভাই হুমায়ন ফরাজীকে বিপুল পরিমাণ গাঁজাসহ নৌ-থানা পুলিশ আটক করে। হুমায়নও একই হত্যা মামলার এজহারভুক্ত আসামি।
২৭ অক্টোবর, ২০২২।
