স্টাফ রিপোর্টার
জেলা পুলিশের সদস্যদের জন্য ঈদ শুভেচ্ছা হিসেবে পাঞ্জাবী ও শাড়ি বিতরণ করেছে চাঁদপুর জেলা পুলিশ। বুধবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় চাঁদপুর পুলিশ লাইনস্ মাল্টিপারপাস সেডে একটি সাম্য অবস্থান তুলে ধরার জন্য পুলিশের উর্ধ্বতন অফিসার, কসস্টেবল ও কর্মচারী সবাই একই পোষাক পরিধান করে ঈদ উদযাপন করার লক্ষ্যে জেলা পুলিশের এই উদ্যোগ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, ইতোমধ্যে ঈদের আমেজ শুরু হয়ে গেছে। ঈদ ও নতুন কাপড়ের মধ্যে একটি যোগ সূত্র রয়েছে। আমরা জেলা পুলিশ একটি পরিবার। সব সদস্যের অনেক দামী কাপড় থাকতে পারে, কিন্তু ঈদের দিন সকলে এই কাপড় পরিধান করে ঈদের নামাজ পড়বো।
তিনি আরো বলেন, ঈদে কিছু সদস্যকে আমরা ছুটি দিতে পারি নাই। তাই যারা ছুটি পাননি তাদের একটু বাড়তি কাজ করতে হবে। ঈদে মানুষ যেন নির্বিঘেœ ঈদ উদযাপন করতে পারে, সেজন্য আমাদের সবার দায়িত্বও সঠিকভাবে পালন করতে হবে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) পলাশ কান্তি রায়ের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াছির আরাফাত, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ, ট্রাফিক ইন্সপেক্টর মাহফুজুর রহমান, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শরীফ চৌধুরীসহ অন্যরা।
উল্লেখ্য, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জেলা পুলিশের সদস্য ও কর্মচারী ১৪০০ জন, নারী সদস্য ২০০ জন ও কমিউনিটি পুলিশিং এর ১০০ জনসহ মোট ১৭০০ জনের মাঝে পাঞ্জাবী ও শাড়ি বিতরণ করে চাঁদপুর জেলা পুলিশ।
২০ এপ্রিল, ২০২৩।
