চাঁদপুরে ২৬ মণ জেলি মিশ্রিত চিংড়িসহ আটক ২

স্টাফ রিপোর্টার
চাঁদপুর হরিণা ফেরিঘাট নৌ ফাঁড়ি পুলিশের অভিযানে হাইস গাড়ি বোঝাই বিষাক্ত জেলি মিশ্রিত চিংড়ি মাছ আটক করা হয়েছে। আটকদের বিকেলে চাঁদপুর মডেল থানার পুলিশ আদালতে পাঠালে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে প্রেরণ করে।
জানা গেছে, বুধবার (১৬ মার্চ) হরিণা ফেরিঘাট নৌ-ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমানের নেতৃত্বে সহকারী পরিদর্শক হাসান (চট্ট-মেট্রো চ-১১-৫০৬২) নম্বরের একটি হাইস গাড়ি আটক করে। গাড়ি তল্লাশি করে একে একে ২৮টি ককশিট বোঝাই জেলি মিশ্রিত ১ হাজার ৪৪ কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়। এসময় গাড়ি চালক ও হেলপারসহ ২ জনকে আটক করা হয়। এ ঘটনায় ২ জনকে আসামি করে নিরাপদ খাদ্য আইন ২০১৩ সালের ৫৮ ধারায় চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়।
আরো জানা গেছে, খুলনা বাগেরহাট থেকে জেলি মিশ্রিত চিংড়ি মাছ চাঁদপুর হরিণা ফেরিঘাট হয়ে বিভিন্ন জেলায় পাচার করে যাচ্ছিল কিছু অসাধু সিন্ডিকেট চোরাকারবারী ব্যবসায়ী।

১৭ মার্চ, ২০২২।