চাঁদপুরে ৩শ’ দরিদ্র মানুষের খাবারের ব্যবস্থা করলো জেলা প্রশাসন


শাহ আলম খান
করোনাভাইরাস প্রতিরোধকালীন সময়ে হতদরিদ্র ও খেটে খাওয়া শ্রমিকদের মধ্যে ৩শ’ জনের প্রতিদিনের দুপুরের খাবারের ব্যবস্থা করেছে চাঁদপুরের জেলা প্রশাসন। গতকাল সোমবার দুপুরে শহরের আল-আরাফ হোটেল, চাঁদপুর হোটেল ও নতুন বাজার ক্যাফে ঝিলে এই খাবারের আয়োজন করা হয়।
এর মধ্যে চাঁদপুর হোটেল ও আল-আরাফ হোটেলে টেবিলে বসেই ২শ’ দরিদ্র মানুষ দুপুরের খাবার গ্রহণ করেন। অপরদিকে ক্যাফে ঝিলে ১শ’ মানুষের হাতে খাবারের প্যাকেট তুলে দেয়া হয়।
উল্লেখিত ৩টি হোটেলের খাবার পরিবেশন পরিদর্শন ও প্যাকেট খাবার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মানিক ও চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুল্লাহ মাহমুদ জামান বলেন, জেলা প্রশাসনের ভিক্ষুকমুক্ত তহবিলের অর্থায়নে করোনা ভাইরাস প্রতিরোধকালীন সময়ে ক্ষতিগ্রস্ত লোক ও খেটে খাওয়া মানুষদের প্রতিদিন একবার খাবারের ব্যবস্থা করা হয়েছে। খাবারের মধ্যে রয়েছে রুটি/ভাত, তরকারি, ডাল ও সব্জি। ভাইরাস প্রতিরোধকালীন সময়ে এভাবে খাবার বিতরণ অব্যাহত থাকবে।
এছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে চাঁদপুর শহরের গরিবদের মাঝে চাল বিতরণ, জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সততা স্টোর, দু’টি ডিপার্টমেন্টাল স্টোরে ২০% ছাড়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রি, একটি ফার্মেসী ও একটি হসপিটালে একেবারে প্রয়োজনীয় ঔষধের ৫০% কম মূল্যে বিক্রি করা হচ্ছে। এসব ঔষধের ৫০% টাকা জেলা প্রশাসন পরিশোধ করবে।