হাঁটতে আসলে নিজেদের মধ্যে একটি সামাজিক বন্ধন তৈরী হবে
………মোহাম্মদ মোহসীন উদ্দিন
স্টাফ রিপোর্টার
‘সুস্থ দেহ সুস্থ মন, হাঁটবো আমি যতক্ষণ’ এই স্লোগানে চাঁদপুরে এই প্রথম ৪০০ নারী-পুরুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে হাঁটা ম্যারাথন (ওয়াকথন) প্রতিযোগিতা। শনিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৬টায় চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাস থেকে এই প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতার আয়োজন করে শহরের ক্রীড়া ও সামাজিক সংগঠন ‘চলেন হাঁটি’।
খুবই মনোরম পরিবেশে শান্তির প্রতিক পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন ও পুলিশ সুপার মুহম্মদ আবদুর রকিব।
প্রতিযোগিতায় বয়সভিত্তিক অংশগ্রহণকারী নারী ও পুরুষের ৪টি দল অংশগ্রহণ করেন। ১৫-৪৫ এবং ৪৬ থেকে ৭৫ বছর বয়সী পুরুষের দু’টি দল কলেজ ক্যাম্পাস থেকে শহরের বিভিন্ন সড়কে ৬ কিলোমিটার হাঁটেন। একই বয়সী নারীদের দুটি দল শহরের ৩ কিলোমিটার সড়ক হেঁটে কলেজ ক্যাম্পাসে এসে শেষ করেন।
হাঁটা শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সদস্যসহ অন্যদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্যসেবা কেন্দ্রের চিকিৎসকরা। এসময় বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথিসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, আইনজীবী ও সাংবাদিকরা আয়োজনের বিষয়ে লিখিত মন্তব্য করেন।
কলেজ ক্যাম্পাসেই আয়োজন করা হয় প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ। এতে সভাপতিত্ব করেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ একেএম আবদুল মান্নান।
সংগঠনের প্রতিষ্ঠাতা সাংবাদিক আলম পলাশের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন, সুস্থ থাকার জন্য হাঁটা যেমন প্রয়োজন। তেমনি মনকে ভাল রাখার জন্য ভাল পরিবেশে আসতে হবে। নানা কাজ শেষে সকালে যখন হাঁটবেন এবং সবার সাথে দেখা হবে, তখন নিজের নানা বিষয়ে কথা হলে মন হালকা হবে এবং ধীরে ধীরে মন সুস্থ হতে থাকবে। হাঁটার জন্য যখন সবাই একত্রিত হবেন তখন নিজেদের মধ্যে একটি সামাজিক বন্ধন তৈরী হবে। এটিও আমাদের জন্য গুরুত্বপূর্ণ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহম্মদ আবদুর রকিব, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকতা সাখাওয়াত জামিল সৈকত ও চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৪টি দলের ৩জন করে ১২জন বিজয়ীকে সনদ, মেডেল ও ক্রেস্ট প্রদান করা হয়। প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করেন ব্যবসায়ী ও সমাজসেবক এবং চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য এন এম খান মুরাদ।
প্রতিযোগিতার বিভিন্ন দিক সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্য সর্বাত্মক সহযোগিতা করেন চাঁদপুরে কর্মরত গণমাধ্যমের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা। আয়োজনে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত, সাধারণ সম্পাদক রোটা. মাহবুবুর রহমান সুমন, সাবেক সাধারণ সম্পাদক আল-ইমরান শোভন, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি রিয়াদ ফেরদৌসসহ আরো অনেকে।
২৪ নভেম্বর, ২০২৪।
